× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭০ অনুচ্ছেদ বিতর্ক জিইয়ে রেখেই রাষ্ট্রপতি নির্বাচন

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ০৮:৫৩ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের সংবিধানের বহুল আলোচিত ও বিতর্কিত বিষয় হচ্ছে ৭০ অনুচ্ছেদ। জুলাই জাতীয় সনদে সংবিধানের এই অনুচ্ছেদের সংশোধনের প্রস্তাব করা হয়েছে। সনদের কয়েকটি ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নোট অব ডিসেন্ট দিয়েছিল; যেগুলোর মধ্যে এটি অন্যতম। তবে নির্বাচনী ইশতেহারে বিএনপি এই প্রতিশ্রুতি দেয় যে, চারটি ইস্যু ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীন মতামত দেওয়ার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে।

৭০ অনুচ্ছেদ সংশোধনের আগেই আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। যাতে ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অপরিবর্তিত থাকায় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতি পদে দলের মনোনীত প্রার্থীকে ভোট দিতে বাধ্য থাকবেন।

জামায়াতে ইসলামী-এনসিপিসহ ১১-দলীয় জোটের পক্ষ থেকে ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে এলডিপির প্রধান, সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া না হলেও পর্যবেক্ষকরা মনে করছেন, দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দলটির চূড়ান্ত প্রার্থী। ৭০ অনুচ্ছেদ বিদ্যমান থাকায় স্ব স্ব দলের মনোনীত প্রার্থীকে ভোট দিতে বাধ্য থাকবেন সংসদ সদস্যরা। সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনে জয়লাভের বিষয়টি নিশ্চিত। এক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা শুধু অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

৭০ অনুচ্ছেদে যা আছে

সংবিধানের এই অনুচ্ছেদে বলা হয়েছেÑ ‘কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদিÑ(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন। (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাঁহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না।’

বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদে দলীয় মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্যের দলীয় আনুগত্যের বিষয়ে কঠোর বিধান রয়েছে। কোনো এমপি তাঁর দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর আসন শূন্য হবে। এই বিধানের মূল উদ্দেশ্য হিসেবে রাজনৈতিক দলের শৃঙ্খলা ও সরকারের স্থিতিশীলতার কথা বলা হয়। কারণ ক্ষমতাসীন দলের এমপিরা যদি যেকোনো গুরুত্বপূর্ণ ভোটে দলের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন, তাহলে সরকারের স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়তে পারে।

তবে ৭০ অনুচ্ছেদ নিয়ে সমালোচনাও দীর্ঘদিনের। সমালোচকদের মতে, সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি হলেও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তাদের আসন হারানোর ঝুঁকি থাকে। ফলে অনেক ক্ষেত্রে এমপি নিজের নির্বাচনী এলাকার মানুষের মতামত, ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান কিংবা কোনো বিলের গুণগত দিক বিবেচনা করে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পান না। এ কারণে সংসদকে কার্যকর আইন প্রণয়ন ও সরকারের জবাবদিহির প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ৭০ অনুচ্ছেদ সংস্কার করা প্রয়োজন।

‘অনুচ্ছেদ সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন করা যেত’

গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এ প্রসঙ্গে আক্ষেপ করে বলেন, ‘জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত ছিল। যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তাই ৭০ অনুচ্ছেদ সংস্কার করে এ নির্বাচন করা যেত। তাহলে নির্বাচিত রাষ্ট্রপতি আরও বেশি সম্মানিত ও গ্রহণযোগ্য হতেন। তারপরও যেহেতু নির্বাচন হচ্ছে, এটাকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চাই না। তাই আমরা অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছি।’ তিনি জানান, গণতন্ত্রের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। তারা দেশবাসীকে তাদের রাজনৈতিক অবস্থান জানাতে চান। তারা মনে করছেন, তাদের প্রার্থী এ মুহূর্তে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি।’

যা বললেন সংসদের চিফ হুইপ

অন্যদিকে গতকাল জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর আছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্যপদ বাতিল হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, কেউ একটি দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে, সেই দল ছেড়ে দিলে তাঁর সংসদীয় আসন চলে যাবে। এ ছাড়া সংসদে নিজের দলের বিরুদ্ধে ভোট দিলে তাঁর আসন শূন্য হবে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ প্রয়োগ হওয়া-না হওয়া নিয়ে নানা মত রয়েছে।’

রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে চিফ হুইপ নূরুল ইসলাম মনি আরও বলেন, ‘২০ আগস্ট সংসদ কক্ষে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। সংসদ সদস্যরা তাদের বিভক্তি সংখ্যা অনুযায়ী ভোট দেবেন। রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং ভারপ্রাপ্ত স্পিকার যখন ভোট দেবেন, তখন সেটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। ভোট গণনা থেকে শুরু করে ফলাফল হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচার চলবে।’ চিফ হুইপ জানান, আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান রাষ্ট্রপতি পদে বিএনপি জোটের প্রার্থীর নাম ঘোষণা করবেন।

জুলাই জাতীয় সনদে যা আছে

জুলাই জাতীয় সনদের ২৫ নম্বর প্রস্তাবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সংসদ সদস্যরা শুধু অর্থবিল ও আস্থা ভোটের ক্ষেত্রে নিজ দলের প্রতি অনুগত থাকবেন। অন্য সব বিষয়ে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। তবে এই প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেয় বিএনপি। সনদের চূড়ান্ত প্রস্তাবে ৭০ অনুচ্ছেদ সংস্কারের বিষয়ে ২৯টি রাজনৈতিক দল ও জোট সম্মতি দেয়। অর্থাৎ চূড়ান্ত সনদের মূল প্রস্তাবের কাঠামো হলোÑ অর্থবিল ও আস্থা ভোট ছাড়া অন্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল সংবিধান সংশোধনের বিষয়টিও দলীয় আনুগত্যের আওতায় রাখার পক্ষে মত দিয়েছিল বলে আলোচনার সময় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল। কিন্তু চূড়ান্ত সনদে ৭০ অনুচ্ছেদের এই নির্দিষ্ট প্রস্তাবের ক্ষেত্রে আনুষ্ঠানিক নোট অব ডিসেন্ট হিসেবে আলাদাভাবে শুধু বিএনপির মতটিই নথিভুক্ত হয়েছে।

বিএনপির নির্বাচনী ইশতেহারে যা আছে

বিএনপির নির্বাচনী ইশতেহারে সাংবিধানিক সংস্কার প্রস্তাবের ১১ নম্বরে বলা হয়েছেÑ আস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত (যেমন : যুদ্ধ পরিস্থিতি) এমন সব বিষয় ছাড়া অন্যসব বিষয়ে এমপিদের স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে। ১২ নম্বর প্রস্তাবে বলা হয়েছে, সংবিধান সংশোধনী, অর্থবিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা (যুদ্ধ পরিস্থিতি) ইত্যাদি ছাড়া অন্যসব বিল উচ্চকক্ষে পাঠানো হবে। উচ্চকক্ষ কোনো বিল সর্বোচ্চ ১ (এক) মাসের বেশি আটকে রাখলে তা উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত বলে বিবেচিত হবে।

৭০ অনুচ্ছেদের ইতিহাস 

সংবিধানের বহু আলোচিত এই ৭০ নম্বর অনুচ্ছেদটি ১৯৭২ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী কর্তৃক প্রবর্তিত ‘বাংলাদেশ গণপরিষদ আদেশ ১৯৭২’ অনুযায়ী সংবিধানে লিপিবদ্ধ হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের পরামর্শে আদেশটি জারি করেছিলেন। তবে গণপরিষদের সদস্য কেএম ওবায়দুর রহমান এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ১৯৭২ সালের অন্তর্বর্তীকালীন সংবিধানের অধীনে আইন প্রণয়নের ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে ছিল। এই অনুচ্ছেদটি সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই বিতর্ক দেখা দেয়। যার এখনও মীমাংসা হয়নি।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি 

গতকাল সংসদ ভবনে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে চিফ হুইপ নূরুল ইসলাম, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হুইপদের মধ্যে জিকে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া এবং এবিএম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন। 

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, যাবতীয় দরকারি সহায়তা এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নির্বাচনে যাবতীয় লজিস্টিক সাপোর্ট এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন।

২৭ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আগামী ২৭ আগস্ট বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত স্বাভাবিক নিয়মের একটি অধিবেশনই বসছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। এ কারণে অধিবেশন আহ্বানের বিষয়টি একটু এগিয়ে আনা হয়। অধিবেশনটি সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এ অধিবেশনে জাতীয় সংসদের অবশিষ্ট সংসদীয় কমিটিগুলো গঠনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিল পাসের সম্ভাবনা রয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা