× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বলছে নয়াদিল্লি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ২২:৪০ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৬ ২২:৪৯ পিএম

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপক্ষীয় সফর এবং বিমসটেকের চেয়ারপারসন হিসেবে আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশগ্রহণ-এই দুইভাবেই আমন্ত্রণ জানানো হয়েছে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে থাকছেন কি না, সেই প্রশ্নে হ্যাঁ-না কোনো উত্তর দেননি তিনি। বরং এ বিষয়ে কোনো ‘হালনাগাদ তথ্য’ থাকলে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন জয়সওয়াল। 

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের বার্তা পৌঁছে দিতে তড়িঘড়ি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভারতের সফরের পাশাপাশি শেখ হাসিনার প্রত্যর্পণ, হাদি হত্যাকাণ্ড ও ‘র’ প্রধানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গেও জানতে চান সাংবাদিকরা। তারেক রহমানের ভারত সফর নিয়ে জয়সওয়াল বলেন, “আমরা এর আগে গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলাম। এরপর ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব আমন্ত্রণের বিষয়ে কোনো হালনাগাদ তথ্য পাওয়া গেলে তা জানিয়ে দেওয়া হবে।”

গত সোমবার ঢাকায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, সাক্ষাতে উভয়পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছে।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে থাকা শেখ হাসিনা। তার এ ঘোষণার পর জয়সওয়ালের প্রায় প্রতিটি সাপ্তাহিক ব্রিফিংয়েই শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লির মনোভাব জানতে চেয়েছেন সংবাদকর্মীরা। আর প্রতিবারই ‘আইনের আলোকে’ বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছে নরেন্দ্র মোদির সরকার।

ব্রিফিংয়ে সোমবার শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। ভারতের নিজস্ব প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে জানিয়ে দেওয়া হবে।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় বর্তমানে ভারতীয় হেফাজতে থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বিষয়টিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ত্রিবেদীর 

ঢাকায় সর্বোচ্চ পর্যায়ে বৈঠকের বার্তা নিয়ে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার এ বৈঠকের তথ্য দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। বৈঠকের কয়েকটি ছবিও পাঠিয়েছে হাইকমিশন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, চলমান বিভিন্ন কূটনৈতিক ইস্যু এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে, হাইকমিশনার বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। বর্তমান পরিস্থিতিতে বৈঠকটিকে দুই দেশের বর্তমান কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার দুপুরে প্রথম সৌজন্য সাক্ষাৎ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকের পর বিকালে দিল্লির পথে পাড়ি জমান দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছিলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধপূর্ণ বিষয় থাকলেও ঐতিহাসিক বাস্তবতা ও ভৌগোলিক অবস্থানের কারণে সেসবের সমাধান দরকার। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা