প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ২১:২৮ পিএম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ গ্রাফিক্স
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে মঙ্গলবার এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিন, অর্থাৎ ২০ অগাস্ট বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছেন সিইসি।
রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ধারা ৫(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে সংসদের স্পীকারের সঙ্গে আলোচনাক্রমে সিইসি সংসদের এ বৈঠক ডেকেছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী ২০ অগাস্ট বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সমাপ্তির পরপরই অধিবেশন কক্ষের ভেতরে রাখা ব্যালট বক্সগুলোর সামনেই সরাসরি ভোট গণনা শুরু হবে।
গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পর থেকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি।
রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ অগাস্ট, যাচাই-বাছাই ১৬ অগাস্ট, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে ১৮ অগাস্ট।
এদিকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি দুটি ও জামায়াতে ইসলামী একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বিএনপির নির্বাচনী জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থিতা চূড়ান্ত করা হলেও এখনও তা প্রকাশ করা হয়নি। অন্যদিকে জামায়াত-এনসিপি জোট এলডিপির প্রধান ও সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ড. অলি আহমেদকে তাদের প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি জোটের প্রার্থী হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেলেও এখনও তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী বিএনপি মনোনয়নপত্র দাখিলের দিন চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ করবে।