জ্বালানি তেল শোধনাগার। ছবি: এআই দিয়ে তৈরি
যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ দিতে সরকার একটি সাধারণ নীতিমালা প্রণয়ন করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেছেন, কোনো নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়নি। বরং জ্বালানি তেলের ব্যবসায় সবাই যেন অংশ নিতে পারে, সে লক্ষ্যেই নীতিমালা তৈরি করা হচ্ছে।
ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে মঙ্গলবার এসব কথা বলেন তিনি।
জ্বালানিমন্ত্রী বলেন, “একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে- এমন ব্যাখ্যা সঠিক নয়। সরকার বিষয়টি স্পষ্ট করেছে। বরং সবাই যেন ব্যবসা করতে পারে, সে জন্য একটি সাধারণ নীতিমালা তৈরি করা হচ্ছে”।
তিনি বলেন, “কিছু পেট্রোলিয়াম পণ্য বেসরকারি খাতে কেনার সুযোগ দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে সরকার জ্বালানি তেলের বাজারে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে চায়।
প্রস্তাবিত নীতিমালার আওতায় পদ্মা, মেঘনা বা যমুনার পাম্পের পাশাপাশি কোনো বেসরকারি কোম্পানির পাম্প থাকলে ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী তেল কিনতে পারবেন বলেও জানান মন্ত্রী।
জ্বালানি খাতে বেসরকারি অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনার পেছনে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতের অভিজ্ঞতাও রয়েছে বলে জানান তিনি।
তার ভাষ্য, “ওই সময় দেশে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও জ্বালানি সংকটের আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়েছিল”।
মন্ত্রী বলেন, “ওই অভিজ্ঞতার পর তিনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী করতে বেসরকারি খাতের অংশগ্রহণ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা করেন”।
তিনি বলেন, “গ্যাস, কয়লা ও পেট্রোলিয়ামসহ প্রাথমিক জ্বালানি-সংশ্লিষ্ট অবকাঠামোতেও বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা যেতে পারে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা সরকার একা পূরণ করতে পারবে না। বিশেষ করে জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ অত্যন্ত প্রয়োজন”।
জ্বালানি তেলের ব্যবসায় বেসরকারি খাতের অংশগ্রহণ নিয়ে সরকারের পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, “আপাতদৃষ্টিতে যে অসংগতি দেখা যাচ্ছে, তা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে”।
নির্দিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি।
মন্ত্রী বলেন, “এ উদ্যোগ ঘিরে তার বিরুদ্ধে বিপুল অর্থ নেওয়ার অভিযোগও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন”।
এসব অভিযোগকে তিনি অযৌক্তিক বলে অভিহিত করেন।
মন্ত্রী আরও বলেন, “দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে কিছু গোষ্ঠী বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক বিরোধিতা বৈধ হলেও রাজনৈতিক স্বার্থে জ্বালানি সংকটকে কাজে লাগানোর চেষ্টা জাতীয় স্বার্থে কোনো কাজে আসবে না”।
সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত বলেন, “নতুন একটি এফএসআরইউ স্থাপনে সাধারণত ৩০ থেকে ৩৬ মাস সময় লাগে। তবে সরকার দুই বছরের কম সময়ে নতুন একটি এফএসআরইউ চালুর লক্ষ্য নিয়েছে। একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ এফএসআরইউ স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে”।
মাতারবাড়ীতে একটি ভূমিভিত্তিক বা ল্যান্ড-বেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়েও সরকার এগোচ্ছে বলে জানান তিনি।
মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জি পরিচালিত এফএসআরইউটি সরকারের জন্য এখনও বড় চ্যালেঞ্জ বলে জানান অমিত।
তিনি বলেন, “বর্তমানে একটি বয়লার চালু রয়েছে, তবে অন্যটি বন্ধ। দ্বিতীয় বয়লারটি মেরামত করে চালু করতে হলে প্রথম বয়লারটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। তাই ভোক্তাদের ওপর প্রভাব সবচেয়ে কম হবে- এমন সময় নির্ধারণের চেষ্টা করছে সরকার”।
অমিত বলেন, “কমপক্ষে ৭২ ঘণ্টার জন্য কখন এমন সময় বেছে নেওয়া যায়, যখন মানুষের দুর্ভোগ কম হবে, তা নিয়ে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে”।
এফএসআরইউটিকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতেও সরকার কাজ করছে বলে জানান তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন। প্যানেল আলোচনায় অংশ নেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা শামসুল আলম এবং বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপ্পা) সভাপতি ডেভিড হাসনাত প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন এফইআরবির চেয়ারম্যান এম আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন এফইআরবির নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ।