× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় নিরাপত্তা-রোহিঙ্গা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৮:০৭ পিএম

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস। ছবি: পিআইডি

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস। ছবি: পিআইডি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার, দক্ষ জনশক্তি তৈরি ও রপ্তানি, কারিগরি সহায়তা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সুইডেনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “বর্তমান সরকার কারিগরি শিক্ষার আধুনিকায়নের মাধ্যমে দক্ষ ও বিশ্বমানের মানবসম্পদ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে নতুন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে”।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশের শ্রমবাজারে কেয়ারগিভারসহ দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে”।

বাংলাদেশে কারিগরি শিক্ষার মানোন্নয়ন, প্রশিক্ষণ জোরদার এবং দক্ষ মানবসম্পদ রপ্তানির ক্ষেত্রে সুইডেন সরকারের আরও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বাড়ছে

বৈঠকে সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস বলেন, “দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশের সঙ্গেই সুইডেনের ‘দ্বিপক্ষীয় সহযোগিতা কৌশল’ (Bilateral Cooperation Strategy) রয়েছে। বাংলাদেশের সঙ্গে সুইডেনের বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। তৈরি পোশাক ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সুইডিশ বিনিয়োগও বাড়ছে।

তিনি জানান, বর্তমানে সুইডেনে প্রায় ১০ হাজার বাংলাদেশি অবস্থান করছেন। তাদের একটি বড় অংশ শিক্ষার্থী।

বৈঠকে দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের পাশাপাশি সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

অনিয়মিত অভিবাসন নিয়ে উদ্বেগ

সুইডেনে অনিয়মিত অভিবাসনের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। সুইডিশ রাষ্ট্রদূত এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “অসাধু মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে কিছু নিরপরাধ মানুষ অনিয়মিত অভিবাসনের শিকার হচ্ছেন”।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে। উন্নত জীবনের প্রত্যাশা এবং মানবপাচারকারী চক্রের প্রলোভনকে অনিয়মিত অভিবাসনের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী গণসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আলোচনায় অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের তাগিদ

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এ সংকটকে শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “সুইডেন রোহিঙ্গা ডোনার গ্রুপের কো-চেয়ার হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে রোহিঙ্গা সংকটকে গুরুত্বের সঙ্গে তুলে ধরার ক্ষেত্রে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে”।

রোহিঙ্গাদের জীবনযাত্রার মানোন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর জন্য সুইডেনের প্রতি অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সুইডিশ রাষ্ট্রদূত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করার ক্ষেত্রে সুইডেনের আগ্রহের কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমারে রোহিঙ্গাদের সম্মানজনক ও স্থায়ী প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র সমাধান”।

নিরাপত্তা সহযোগিতার বিষয়ও আলোচনায়

বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ। বিশেষ করে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন মোকাবিলা, দক্ষ জনশক্তি তৈরি এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলোতে আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। 

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশে সুইডিশ দূতাবাসের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা