বিবিসি বাংলা
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৫:৫৭ পিএম
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক এক বৈঠকের পর মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি: বিবিসি বাংলা
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থীর কে হবেন সেটি প্রধানমন্ত্রী ঘোষণার পরই জানা যাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
কবে সেটি জানানো হবে জানতে চাইলে তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময়ই সবাই জানতে পারবেন।
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক এক বৈঠকের পর মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন এমন এক প্রশ্নের জবাবে চিফ হুইপ একথা বলেন।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে, অর্থাৎ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না।
নুরুল ইসলাম বলেন, “সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি করেন তাহলে সদস্যপদ বাতিল হবে।”
তিনি বলেন, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়া হবে। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা ও ফলাফল প্রস্তুতের কার্যক্রমও ফলাফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা যাবে।
তিনি আরও বলেন, সংসদে মোট ৩৪৯ জন ভোটার রয়েছেন। নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হলে গণনা শেষে দ্রুত ফলাফল ঘোষণা করা হবে। তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে এরপর ফলাফল ঘোষণা করা হবে।
চিফ হুইপ জানান, প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনি কার্যক্রমে দায়িত্ব পালন করবেন এবং সংসদ সচিবালয় তাদের প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।
প্রসঙ্গত, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীর নাম ঘোষণা করেননি।
বিরোধী জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে এলডিপির একাংশের সভাপতি অলি আহমদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় দলটির মনোনয়নে নির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার মেয়াদের দেড় বছরের মতো সময় বাকি থাকতেই পদত্যাগ করেন গত ২৪শে জুলাই।
তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এখন নির্বাচন কমিশন আগামী ২০শে অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।