প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৫:৩২ পিএম
সচিবালয়ে সংবাদ এক সম্মেলনে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: ভিডিও থেকে
ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে কোনো জল্পনা-কল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
সচিবালয়ে সংবাদ এক সম্মেলনে মঙ্গলবার এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “র-প্রধান চীন থেকে এসেছেন। এটা এক ধরনের সফর। তিনি এখানে তার কাউন্টারপার্টের সাথে বৈঠক করবেন। এ নিয়ে সরকার মনে করলে সফরের পর বিবৃতি দিতে পারে। এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। আমাদের গোয়েন্দা প্রধানও ভারতে গেছেন, সফর করেছেন”।
দুই দেশের সম্পর্ক তো নতুন করে সাজাতে হবে উল্লেখ করে তিনি বলেন, “তবে আগে যেই সম্পর্ক তারা করতে চেয়েছে সেটি ছিল একজনের সাথে। তাকে জনগণের সাথে সম্পর্ক করতে হবে। ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে কাজ করেছে যে অ্যাটিচুড করেছে এখন সেভাবে হবে না। স্বাধীন সার্বভৌম দেশের সাথে যেভাবে হয় সেভাবে হতে হবে। দুটি স্বাধীন সার্বভৌম দেশের মতো হতে হবে”।
ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “ভবিষ্যৎ সম্পর্কের যে রিয়েল অ্যালাইনমেন্ট এর আলাপ তারা এখন করছেন তার অনুকূল পরিবেশ ভারতের দিক থেকে তৈরি করতে হবে”।
প্রধানমন্ত্রী এই উপদেষ্টা বলেন, “বাংলাদেশের দীর্ঘকাল যে সমস্যা হয়েছে যে আমরা দেখেছি নানা সময়ে ওই সরকার (শেখ হাসিনা সরকার) অপ্রেসিভ হয়ে উঠতে পেরেছিল, তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল, তার সাথে ভারতের যোগাযোগের বিষয়ে জনগণের সন্দেহ আছে”।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গে তিনি বলেন, “তাকে (শেখ হাসিনা) তো প্রত্যর্পণের কথা ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চাই। তাকে আইনের আওতায় আনতে চাই। তিনি সেখানে সংবাদ সম্মেলন করলেন। যাকে বিচার করতে চাই তিনি ওখানে বসে ওটা করছেন। এটা ভারতকে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, কী হবে”।