× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে প্রথম নৌযান শুমারি শুরু ২০ আগস্ট

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৪:৩৬ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৬ ১৫:০৪ পিএম

আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন অডিটোরিয়ামে মঙ্গলবার নৌযান শুমারি ২০২৬-এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের শুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন অডিটোরিয়ামে মঙ্গলবার নৌযান শুমারি ২০২৬-এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের শুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করতে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি ২০২৬’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সারা দেশে মাঠপর্যায়ে এ শুমারির মূল তথ্য সংগ্রহ করা হবে।

নৌযান খাতের সঠিক পরিসংখ্যানের ঘাটতি পূরণ, একটি পূর্ণাঙ্গ ডেটাবেইস তৈরি এবং দেশের নৌপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করার লক্ষ্যে এ শুমারি পরিচালনা করা হচ্ছে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বিবিএস এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন অডিটোরিয়ামে মঙ্গলবার নৌযান শুমারি ২০২৬-এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের শুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. শামীমুল হক।

এ ছাড়া পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বিবিএস ও নৌপরিবহন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নৌযান শুমারি কার্যক্রমের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. আরিফ হোসেন নৌযান শুমারি ২০২৬ বিষয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেন। তিনি জানান, আগামী ২০ থেকে ২৯ আগস্ট সারা দেশে মাঠপর্যায়ে সব ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে।

তৈরি হবে নৌযানের পূর্ণাঙ্গ ডেটাবেইস

বিবিএসের কর্মকর্তারা জানান, নদীমাতৃক বাংলাদেশে নৌপরিবহন দেশের যোগাযোগ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ। কিন্তু এ খাতে চলাচলকারী নৌযানের সংখ্যা, ধরন ও অন্যান্য তথ্যের একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য পরিসংখ্যান দীর্ঘদিন ধরে প্রয়োজন ছিল। সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই প্রথমবারের মতো দেশব্যাপী নৌযান শুমারি পরিচালনা করা হচ্ছে।

শুমারির মাধ্যমে দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানগুলোর তথ্য সংগ্রহ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে নৌযানের একটি ডেটাবেইস তৈরি করা হবে।

বিবিএসের ভাষ্য, এই ডেটাবেইস ভবিষ্যতে নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে। একই সঙ্গে নৌযান ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও এ তথ্য সহায়ক হবে।

ট্যাবলেটে তথ্য সংগ্রহ

এবারের নৌযান শুমারিতে তথ্য সংগ্রহে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। মাঠপর্যায়ের গণনাকারীরা ট্যাবলেটের মাধ্যমে কম্পিউটার এসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং (সিএপিআই) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করবেন।

শুমারির যাবতীয় কার্যক্রম সমন্বয় ও ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হবে ওয়েবভিত্তিক ইন্টিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস)। এর মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেওয়া হবে।

বিবিএস সদর দপ্তরে স্থাপিত নেটওয়ার্ক অপারেশনস সেন্টার বা এনওসির মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের অগ্রগতি রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি সংগৃহীত তথ্যের গুণগত মানও সরাসরি পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে।

থাকবে কন্ট্রোল রুম ও আইটি সহায়তা

মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য শুমারির কন্ট্রোল রুম এবং আইটি সাপোর্ট টিম কাজ করবে।

বিবিএস জানিয়েছে, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় উদ্ভূত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করা হবে। এর ফলে তথ্য সংগ্রহ কার্যক্রমে কোনও ধরনের জটিলতা তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

প্রস্তুতি শুরু হয়েছিল কয়েক মাস আগে

মূল শুমারির আগে এরই মধ্যে কয়েক ধাপে প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ করেছে বিবিএস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ৪ থেকে ১৭ মে পর্যন্ত লিস্টিং ও ম্যাপিং অপারেশন পরিচালনা করা হয়। এরপর ৯ থেকে ১৪ জুলাই জোনাল অপারেশন এবং ৩ ও ৪ আগস্ট পাইলট অপারেশন পরিচালনা করা হয়।

এসব কার্যক্রমের মাধ্যমে গণনা এলাকা গঠন, গণনাকারী নিয়োগ, ম্যাপ প্রণয়নসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। মূল শুমারির আগে পাইলট অপারেশনের মাধ্যমে মাঠপর্যায়ের প্রস্তুতিও যাচাই করা হয়েছে।

নৌযানের ডেটাবেইস তৈরির লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর ও বিবিএসের মধ্যে গত ২১ আগস্ট ২০২৫ তারিখে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনলাইনেও চলবে প্রচার

শুমারি সম্পর্কে নৌযানের মালিক, সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষকে অবহিত করতে প্রচার কার্যক্রম চালানো হবে। প্রচলিত গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নৌযান শুমারি বিষয়ে প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে।

বিবিএস মনে করছে, দেশের নৌপরিবহন খাতের সঠিক ও হালনাগাদ তথ্য পাওয়ার ক্ষেত্রে এ শুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথমবারের মতো দেশব্যাপী ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহের মাধ্যমে যে ডেটাবেইস তৈরি হবে, তা ভবিষ্যতে নৌপরিবহন খাতের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ব্যবহার করা যাবে।

আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে ২৯ আগস্ট পর্যন্ত চলবে নৌযান শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম। মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ শেষ হওয়ার পর সংগৃহীত তথ্য যাচাই, বিশ্লেষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে নৌযান খাতের একটি নির্ভরযোগ্য পরিসংখ্যানভিত্তিক চিত্র পাওয়া যাবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা