× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১১:২৫ এএম

আপডেট : ১১ আগস্ট ২০২৬ ১১:৩৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় পর আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। গতকাল সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ারের সভাপতিত্বে এ নির্বাচনের প্রাক-প্রস্তুতি সভা হয়। আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে মূল প্রস্তুতি বৈঠক। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার গোলাম সরওয়ার, চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ সংশ্লিষ্টরা এ বৈঠকে অংশ নেবেন।

গতকালের বৈঠকে জানানো হয়, সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন আহ্বান করা হতে পারে। আজকের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সে ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে অস্থায়ী রাষ্ট্রপতি সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করতে পারেন। সংসদ সচিবালয় জানিয়েছে, ১৯৯১ সালে অনুষ্ঠিত সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছিল। ওই নির্বাচনের পর থেকে সরকারি দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে আসছেন।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপি দুটি এবং জামায়াতে ইসলামী একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বিএনপির নির্বাচনী জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থিতা চূড়ান্ত করা হলেও এখনও তা প্রকাশ করা হয়নি। অন্যদিকে জামায়াত-এনসিপি জোট এলডিপির প্রধান ও সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ড. অলি আহমেদকে তাদের প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি জোটের প্রার্থী হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেলেও এখনও তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী বিএনপি মনোনয়নপত্র দাখিলের দিন চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ করবে।
সংসদে বিএনপির নির্বাচনী জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এটি নিশ্চিত যে, তাদের মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হবেন। তবে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী জোটগত এমপিদের বাইরে অন্য কারও কোনো ভোট পায় কি না, তা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। এই নির্বাচনে ৩৪৯ জন ভোটারের মধ্যে দল নিরপেক্ষ ভোটার মোট ৭ জন। তারা সকলেই একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
প্রাক-প্রস্তুতি সভায় উপস্থিত সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, ভোটের প্রস্তুতি নিয়েই এ বৈঠক হয়েছে। কোথায় ব্যালট বাক্স বসবে, কোথায় রিটার্নিং অফিসার বসবেন আর ভোটাররা কোন দিক দিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করবেন, তা চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবারের (আজ) বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা নেই। সংসদ সদস্যদের আহ্বান জানিয়ে তফসিলে কোথায় ভোট হবে, তাও বলা হয়েছে। কাজেই অধিবেশন হওয়ার আইনি বাধ্যবাধকতা নেই। আবার সেশন আহ্বান করলেও সমস্যা নেই। এ বিষয়েও আজ সিদ্ধান্ত আসতে পারে।’
১৯৯১ সালে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, ‘কাল (আজ মঙ্গলবার) আমরা বসছি। সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পঞ্চম জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অধিবেশন আহ্বান করা হয়েছিল। এবারও সেরকম কিছু হতে পারে।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা