× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মন্ত্রিসভার বৈঠক

মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ছে

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২২:৩৩ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৬ ২২:৩৬ পিএম

মানবাধিকার কমিশনের লোগো। ফাইল ছবি

মানবাধিকার কমিশনের লোগো। ফাইল ছবি

বিদেশিদের বাংলাদেশে আসা ও যাওয়ার প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল করতে নতুন ভিসা নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনকে আরও কার্যকর ও স্বাধীন করার লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংক খাতে সংকট মোকাবিলার জন্য করা ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর একটি বিতর্কিত ধারা বিলুপ্ত করতে সংশোধনী আইনের খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর খসড়ার প্রণয়ন করেছে। নতুন আইনে জাতীয় মানবাধিকার কমিশন গঠন, সদস্যদের মেয়াদ, অভিযোগ গ্রহণ, তদন্ত এবং ভুক্তভোগীর নিরাপত্তাসহ কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। 

প্রস্তাবিত আইন অনুযায়ী, একজন চেয়ারপারসন ও চারজন কমিশনার নিয়ে কমিশন গঠিত হবে। কমিশনে অন্তত একজন নারী সদস্য রাখার বিধান রয়েছে। কমিশন গঠনের ক্ষেত্রে বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিধানও রাখা হয়েছে। বাছাই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নাগরিক প্রতিনিধি এবং নৃগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে কমিশনের সদস্য নির্বাচনের প্রক্রিয়ায় বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত আইনে কমিশনের কার্যপরিধি আরও স্পষ্ট করার পাশাপাশি অভিযোগ গ্রহণের ব্যবস্থা সহজ করার কথা বলা হয়েছে। কার্যকর তদন্তের জন্য কমিশনের ক্ষমতা বাড়ানো হয়েছে। তদন্ত চলাকালে কোনো ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা বা সম্ভাব্য ক্ষতি রোধে কমিশনকে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে। 

এ ছাড়া হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম প্রতিরোধে জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদের ঐচ্ছিক প্রটোকলের আলোকে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বা এনপিএম ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে।

সরকার সংশ্লিষ্টরা বলছেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়ন এবং তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাসহ মানবাধিকার বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক আইন, সনদ ও চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি কার্যকর ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যেই নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে। এ লক্ষ্যে মন্ত্রিসভা জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর ফলে আইনটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে সংসদে উপস্থাপনের পথ তৈরি হলো।

৩৩ থেকে ভিসা ক্যাটাগরি ৩৪  

বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও প্রস্থান সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে নতুন ভিসা নীতিমালা করা হয়েছে। ভিসা নীতিমালা-২০২৬-এর খসড়াও মন্ত্রিসভায় অনুমোদিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত এই নীতিমালার অন্যতম উদ্দেশ্য হলো পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তরের সুযোগ তৈরি করা এবং জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা।

নতুন নীতিমালায় আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনায় পারস্পরিক নীতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আধুনিক, নিরাপদ, গতিশীল ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্য রাখা হয়েছে। চলতি নীতিমালায় ভিসার ক্যাটাগরি ছিল ৩৩টি। নতুন ভিসা নীতিমালায় এই সংখ্যা বাড়িয়ে ৩৪টি করা হয়েছে। নতুন নীতিমালার ভিত্তিতে আগের সব ভিসা-সংক্রান্ত সার্কুলার বাতিল করে একটি সমন্বিত ও আধুনিক ভিসা কাঠামো তৈরি করা হবে। নীতিমালাটি বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো সমন্বিতভাবে কাজ করবে।

ব্যাংক রেজল্যুশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে 

তফসিলি ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব অথবা ব্যাংকের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ ঝুঁকি দেখা দিলে তা দ্রুত মোকাবিলা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্দেশ্যে ২০২৫ সালে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ জারি করা হয়েছিল। পরে অধ্যাদেশটি আইনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিল আকারে এটি উত্থাপন করা হলে বিস্তারিত পর্যালোচনার জন্য সংসদীয় বিশেষ কমিটির কাছে পাঠানো হয়। বিশেষ কমিটি অধ্যাদেশটি সংশোধিত আকারে উপস্থাপনের সুপারিশ করে। ওই সুপারিশের ভিত্তিতে অধ্যাদেশের কয়েকটি বিধান বিধিমালার মাধ্যমে বাস্তবায়নের জন্য আলাদা করা হয়।

পাশাপাশি সরকারের সম্ভাব্য আর্থিক দায়, গ্রাহকদের স্বার্থ এবং ব্যাংকিং খাতের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইনে নতুন ১৮ক ধারা যুক্ত করা হয়। পরবর্তী সময়ে উত্থাপিত আকারেই ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ সংসদে পাস হয়।

১৮ক ধারা যুক্ত করার অন্যতম উদ্দেশ্য ছিল প্রচলিত রেজল্যুশন ব্যবস্থার পাশাপাশি বাজারভিত্তিক একটি বিকল্প ব্যবস্থা চালু করা। এর মাধ্যমে রেজল্যুশনের আওতায় থাকা ব্যাংককে সচল রেখে পুনর্গঠন, মূলধন ঘাটতি ও তারল্য সংকট দূর করা, আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং সরকারের আর্থিক সংশ্লেষ কমানোর সুযোগ তৈরি করা হয়েছিল।

তবে আইনটির ১৮ক ধারায় নির্ধারিত সব শর্ত পূরণ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় এখন ধারাটি বিলুপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া করা হয়েছে। মন্ত্রিসভা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা