মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২২:০৮ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৬ ২২:১১ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে জন্ম নেওয়া জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুষ্টিয়ার দৌলতপুর থেকে আসা জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পূর্ণ সরকারি খরচে তাদের এই চিকিৎসা সেবা দেওয়া হবে।
শিশু দুটিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে সোমবার রাত ৮টার দিকে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
হাসপাতাল সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের বাসিন্দা নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে জন্ম নেয় এই জোড়া লাগা দুই শিশু। তাদের বাবা পেশায় একজন দোকান কর্মচারী। আর্থিক অনটনের কারণে উন্নত চিকিৎসা করাতে না পেরে একপর্যায়ে শিশুদের নিয়ে গ্রামে ফিরে গিয়েছিলেন এই দম্পতি। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সরকারের নজরে আসে। এরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিশু দুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের দ্রুত ঢাকায় এনে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমাদের সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। প্রয়োজনে বিদেশ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত করা হবে। মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দেব, যেন শিশু দুটি সুস্থ হয়ে উঠতে পারে।”
তিনি আরও জানান, শিশু দুটির চিকিৎসাসেবা ও যাবতীয় খরচ সরকার বহন করবে। একই সঙ্গে হাসপাতালে অবস্থানকালে তাদের পরিবারের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করেছে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা সহায়তার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিবারটির দৈনন্দিন খরচের জন্য নগদ পাঁচ হাজার টাকা দেবেন।