ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান পরাগ জৈন। ছবি: ফার্স্ট পোস্ট
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান পরাগ জৈন।
সরকারের একটি সূত্র একটি গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পরাগ জৈন। তবে তাঁর সফর নিয়ে বাংলাদেশ বা ভারত, কোনো দেশই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
পরাগ জৈন ‘র’-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।
প্রতিনিধি দলে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সরকারি সূত্র জানায়, সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন। বাংলাদেশ সফরের আগে পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।