কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রবিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬’। ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’ শীর্ষক বৈশ্বিক প্রতিপাদ্য সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ নিজস্ব বৈচিত্র্য, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে নানা কর্মসূচি পালন করেছে।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা, গণসমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন। আলোচনা সভায় মানবাধিকারকর্মী ও ‘নিজেরা করি’-এর সমন্বয়কারী খুশী কবির বলেন, একের পর এক শাসনব্যবস্থার পরিবর্তন হলেও আদিবাসীদের অধিকারের চিত্রে কোনো পরিবর্তন আসেনি। অন্যায়ভাবে আদিবাসীদের জায়গাজমি দখল হয়ে যাচ্ছে, অথচ কষ্ট করে জমি উদ্ধার করলেও সরকারি নথিতে তা নিবন্ধিত হচ্ছে না।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পার্বত্য শান্তিচুক্তির মূল বিষয়গুলো এখনও অকার্যকর। বর্তমান সরকারের প্রতি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে চুক্তি বাস্তবায়নে একটি সুনির্দিষ্ট পথরেখা (রোডম্যাপ) নির্ধারণের জোর দাবি জানান তিনি।
সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আদিবাসীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব না থাকার সমালোচনা করেন এবং কোটা কমিয়ে ১ শতাংশ করার সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে আদিবাসী কোটা পুনর্বহালের দাবি জানান।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, ঔপনিবেশিক আমল থেকে নিজস্ব ভাষা ও সংস্কৃতি বজায় রাখা জনগোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে ‘আদিবাসী’ হিসেবে অস্বীকার করা অত্যন্ত দুঃখজনক। স্বাগত বক্তব্যে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ন্যায়বিচারের লড়াই কখনোই থেমে থাকে না। আজ না হলেও আগামী প্রজন্ম তাদের সঠিক পরিচয়, অধিকার ও রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করে ছাড়বে।
আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের হয়। পরে শহীদ মিনারে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে অংশ নেয় দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কয়েকশ মানুষ।
অন্যদিকে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) সম্মেলন কক্ষে ‘বাংলাদেশে আদিবাসী দিবসের গুরুত্ব’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার। ‘বাংলাদেশে আদিবাসী দিবসের গুরুত্ব’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমাই-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া ‘বাংলাদেশের জনজাতিসমূহের উন্নয়ন আকাঙ্ক্ষা : একটি জাতিসত্তা উন্নয়ন অধিদপ্তরের রূপরেখা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। ‘বাংলাদেশের সমতলের আদিবাসী : ভাষাগত প্রতিবন্ধকতা ও করণীয়’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রওশন জাহিদ। এছাড়া ‘বাংলাদেশের আদিবাসী : সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিচয় ও অধিকার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এসএম আরিফ মাহমুদ।