গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন হবে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে। এ সময় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে পরীক্ষার ফল হস্তান্তর করবেন। পরে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রকাশিত ফল সংগ্রহ করতে হবে www.eduboardresults.gov.bd ও www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে। এজন্য Result কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেছিলেন ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
এসএমএসে ফল পেতে সাধারণ বোর্ডের পরীক্ষার্থীদের SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল> 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2026। দাখিলের ক্ষেত্রে Dakhil MAD 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি পরীক্ষার্থীদের SSC TEC 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
এদিকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত। অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।
উল্লেখ্য, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। পরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। দাখিল ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।