ঝালকাঠি ও বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৮:৩০ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৮:৩৪ পিএম
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও বাগান পরিদর্শন করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট ও বাগান ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। স্থানীয় পেয়ারা খাওয়ার পাশাপাশি ছোট নৌকায় চড়ে ভাসমান হাটের বেচাকেনা ও চারপাশের সবুজ-শ্যামল পরিবেশ উপভোগ করেন তিনি।
রবিবার সকাল ৯টায় ভীমরুলীর হাটে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ উপস্থিত ছিলেন।
পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন ক্রিস্টেনসেন। তিনি পেয়ারা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন, গাছ থেকে পেয়ারা সংগ্রহের প্রক্রিয়া দেখেন এবং নিজেও পেয়ারা খেয়ে স্বাদ নেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এই অনন্য ভাসমান বাজারে আসতে পেরে তিনি খুবই আনন্দিত। নদীতে ঘুরে পেয়ারা বাজারের অভিজ্ঞতা তার কাছে দারুণ ও আনন্দের ছিল।
ভীমরুলীতে বাগান ও বাজার পরিদর্শন শেষে ট্রলারে করে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।
এর আগে সকালে বরিশালের ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে অবস্থিত প্রাচীন এই মসজিদে যান তিনি। মসজিদের ভেতরে প্রবেশ করে স্থাপত্য ও সৌন্দর্য ঘুরে দেখেন।
মিয়াবাড়ি মসজিদ পরিদর্শনের আগে মসজিদসংলগ্ন উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম দেখেন এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজ নেন।
পরে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ক্রিস্টেনসেন। রবিবার দুপুরে নগরের কীর্তনখোলা নদীতে একটি লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতবিনিময়কালে রাষ্ট্রদূত বলেন, ‘এটা বরিশালে আমার প্রথমবার। বরিশাল খুব সুন্দর। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। ঢাকা থেকে এসে আমি ভাসমান বাজার ভ্রমণ করেছি। আপনাদের সবার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে।’
বরিশাল শহরের সৌন্দর্যের প্রশংসা করে তিনি বলেন, শহরটি খুবই সুন্দর। বরিশালের মানুষের আন্তরিকতায় তিনি মুগ্ধ হয়েছেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বরিশালে আসায় তারা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূত ভবিষ্যতেও বারবার বরিশালে আসবেন।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।