চট্টগ্রাম অফিস ও ফটিকছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৮:১৫ পিএম
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল
চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় রবিবার বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী হেফাজত আমিরকে জড়িয়ে ধরেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার দুপুর তিনটার দিকে হেলিকপ্টারে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী সিঅ্যান্ডবি মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে সরাসরি বাবুনগর মাদ্রাসায় যান তিনি। প্রধানমন্ত্রী মাদ্রাসায় পৌঁছালে হেফাজত আমিরের ছেলে ও সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরীসহ জ্যেষ্ঠ আলেমরা তাকে স্বাগত জানান।
সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী আমিরে হেফাজতকে বুকে জড়িয়ে ধরেন এবং উভয়ের মধ্যে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়। প্রধানমন্ত্রী মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি তার দীর্ঘায়ু কামনা করেন। পরে তারা দেশের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই বাবুনগর মাদ্রাসা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমনে স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফটিকছড়িতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাজিরহাট ও বাবুনগর মাদ্রাসা এলাকায় র্যাব, পুলিশ ও স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ (এসএসএফ) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোও সার্বক্ষণিক নজরদারি করছে।
সরেজমিনে দেখা গেছে, নিরাপত্তার স্বার্থে মাদ্রাসা এলাকায় প্রবেশের ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্ধারিত কার্ডধারী ও আমন্ত্রিত ব্যক্তিরা কয়েক দফা তল্লাশি পেরিয়ে মাদ্রাসায় প্রবেশের অনুমতি পাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে ফটিকছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।