× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাসপোর্টের রঙে বৈষম্য, ৪০ ঘণ্টার ‘যাযাবর জীবন’ শেষে ঢাকায় ২৫৯ যাত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৫:৫৫ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাইটটি অবতরণ করে। ছবি: ভিডিও থেকে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাইটটি অবতরণ করে। ছবি: ভিডিও থেকে

রবিবার দুপুর সাড়ে ১২টা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন বিমানের ফ্লাইটটি অবতরণ করল, তখন ক্লান্ত-অবসন্ন যাত্রীদের চোখে-মুখে স্বস্তির চেয়ে ক্ষোভ আর অপমানের ছাপ স্পষ্ট।

টরন্টো থেকে আসা ২৫৯ জন যাত্রী ৪০ ঘণ্টার এক দুঃস্বপ্ন পেছনে ফেলে অবশেষে ঢাকায় পৌঁছেছেন। তবে এই সময়টা তাদের জন্য ছিল এক নিষ্ঠুর বৈষম্যের গল্প- যেখানে পাসপোর্টের রং নির্ধারণ করে দিয়েছে কে পাবেন বিছানা, আর কে রাত কাটাবেন বিমানবন্দরের ঠান্ডা চেয়ারে।

বিমানবন্দর থেকে বের হয়েই টরন্টো-প্রবাসী শাহজাহান আলম যন্ত্রণা উগরে দেন সাংবাদিকদের কাছে। তার কণ্ঠে তখন রাত-জাগা ক্লান্তির চেয়েও তীব্র এক অভিমান। বললেন, “৪০ ঘণ্টা যাযাবরের মতো ছিলাম। ৮ ঘণ্টা ফ্লাইটের ভেতর কেটেছে। এরপর আমাদের বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হলো। সেখান থেকে বলা হলো হোটেলে নেবে। কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের লাউঞ্জে রেখে আমেরিকা-কানাডার পাসপোর্টধারীদের হোটেলে নিয়ে গেল। আমরা বাংলাদেশি পাসপোর্টধারীরা পড়ে রইলাম লাউঞ্জে। আমরা মানুষ না অন্য কিছু, তারা কিছুই মনে করল না”।

এ গল্প কেবল শাহজাহানের নয়- ফ্লাইটটিতে থাকা প্রায় ১৭০ বাংলাদেশি পাসপোর্টধারীর সবার। শুক্রবার জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোম বিমানবন্দরে যাত্রাবিরতি করেছিল বিমানের বিজি-৩০৬ ফ্লাইট। সেখানেই ধরা পড়ে কারিগরি ত্রুটি। আট ঘণ্টার চেষ্টায় সমাধান না হওয়ায় ফ্লাইট বাতিল করা হয়। যাত্রীদের নামানো হয় বিমান থেকে।

এরপরই শুরু হয় ‘পাসপোর্ট-ভিত্তিক’ ভাগ-বাঁটোয়ারা। যাদের হাতে কানাডা বা যুক্তরাষ্ট্রের পাসপোর্ট, অথবা শেনজেন ভিসা ছিল, তাদের দ্রুত হোটেলে পাঠানো হয়। আর বাংলাদেশি পাসপোর্ট যাদের, তারা হয়ে যান ‘লাউঞ্জের বাসিন্দা’। রোম এয়ারপোর্টের ট্রানজিট লাউঞ্জের চেয়ার আর মেঝেই হয়ে ওঠে তাদের আশ্রয়।

আনিকা নামের এক নারী যাত্রী বলেন, “বিমানের ভেতর থাকা অবস্থায় প্রায় ৩ ঘণ্টা পর আমরা জানতে পারি ত্রুটির কথা। এরপর আরও ৫ ঘণ্টা পর আমাদের নামানো হলো। এরপর এলেন বিমানের এক কর্মকর্তা, তিনি ‘সরি’ বললেন। কিন্তু আমরা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, তাদের লাউঞ্জে রেখে কানাডা-আমেরিকার পাসপোর্ট হোল্ডারদের হোটেলে নেওয়া হলো। আমরা পড়ে রইলাম”।


তিনি আরও বলেন, “চেয়ারেই কেটে গেল ৪০ ঘণ্টা। বিমান ও আমাদের দূতাবাস চেষ্টা করলে আমাদেরও নিতে পারত। ওরা অন-অ্যারাইভাল ভিসাও দিতে চেয়েছিল, কিন্তু কর্মকর্তাদের গাফিলতিতে আমাদের এত দুর্ভোগ পোহাতে হলো”।

যাত্রীদের অভিযোগ, রোমে ইতালীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসা না থাকায় বিমানবন্দরের বাইরে যেতে দেয়নি বাংলাদেশি পাসপোর্টধারীদের। অথচ বিমান কর্তৃপক্ষ বা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি এই দীর্ঘ চল্লিশ ঘণ্টায়।

যাত্রী শাফায়াত হোসেন সরাসরি দাবি তোলেন, “বর্তমান সরকারের কাছে বলব, পাসপোর্টকে শক্তিশালী করতে। নতুন সরকার, নতুন সবকিছু- বিমান ও দূতাবাসের পুরোনো কাউকে দেখতে চাচ্ছি না। তারপরও সরকারকে ধন্যবাদ আমাদের নিয়ে এসেছেন”।

এই ৪০ ঘণ্টায় শিশু, বৃদ্ধ, অসুস্থ যাত্রীদের কী অবস্থা হয়েছিল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়েম রানা ক্ষোভে ফেটে পড়েন, “বিমান নিয়ে নিউজ করে কী করবেন? তারা কী কোঅর্ডিনেশন দেখাল? একটা চেয়ারে কীভাবে আমরা এত সময় কাটালাম? এত দুর্ভোগ, কেউ কোনো কথা বলে না”।

পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ দম্পতির চোখেমুখে তখনও বাকরুদ্ধ ক্লান্তি। ফ্লোরের ঠান্ডা মেঝেতে শুয়ে থাকতে থাকতে তাদের শরীরে ব্যথা, হৃদয়ে ক্ষত।

অথচ এই একই ফ্লাইটের আরেক যাত্রী মাহমুদা তালুকদারকে এসব পোহাতে হয়নি। কেন? কারণ তার হাতে ছিল কানাডার পাসপোর্ট। তিনি বলেন, “আমার কানাডার পাসপোর্ট থাকায় আমি হোটেলে ছিলাম। ছোট মেয়েকে নিয়ে আমার কষ্ট করতে হয়নি। কিন্তু যারা এয়ারপোর্টে ছিল, তাদের অনেক দুর্ভোগ হয়েছে”।

তার এই স্বীকারোক্তিই যেন বৈষম্যের নির্মম চিত্রটা আরও স্পষ্ট করে তোলে- একই আকাশে উড়ে আসা মানুষ, একই বিমানের যাত্রী, কিন্তু পাসপোর্টের জোরে কেউ পেয়েছেন স্বস্তির বিছানা, কেউ নিক্ষিপ্ত হয়েছেন লাউঞ্জের চেয়ারে।

শুধু রোমেই নয়, ঢাকায় অপেক্ষারত স্বজনদেরও কেটেছে নির্ঘুম তিনটি রাত। ছেলের জন্য বিমানবন্দরে অপেক্ষমাণ গুলশানের বাসিন্দা শেখ বখতিয়ার হোসনের চোখে পানি। তার ছেলে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষক মেহরাব বিন বখতিয়ার বাংলাদেশি পাসপোর্টের কারণেই রোমে আটকে ছিলেন।

বখতিয়ার বলেন, “আজ তিন দিন হলো আমরা চরম উদ্বেগে আছি। ওর মা তো না-খাওয়া ছেড়ে দিয়েছে। বহুদিন পর ৫ দিনের জন্য ছেলে আসল, তার তিন দিনই বিমানেই গেল”।

বিমানের উদ্দেশে তার ক্ষোভ, “ওদের উচিত ব্যবসা ছেড়ে দেওয়া, যারা ভালো সার্ভিস দেবে তাদের হাতে তুলে দেওয়া। দেশের পতাকাবাহী সংস্থার যদি এই অবস্থা হয়, তাহলে কী করা উচিত? অন্য এয়ারলাইনস হলে বিশেষ বিমান পাঠিয়ে যাত্রী নিয়ে আসত”।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জানান, বিমানের ক্রুরা ভালো ব্যবহার করলেও নামানোর পর ৬-৭ ঘণ্টা কেউ খোঁজ নেয়নি। আর কিছু বিদেশি যাত্রী নিজ উদ্যোগে অন্য বিমানের টিকিট কেটে চলে গেছেন। কিন্তু হাতে শুধু বাংলাদেশি পাসপোর্ট- আর তাই তাদের উপায় ছিল না।

কানাডাপ্রবাসী যাত্রী শাহজাহান আলমের শেষ কথাটা তাই রক্তক্ষরণের মতোই ঝরে পড়ে, “আমাদের পাসপোর্টের তারা কোনো দামই দিল না। আর খাবার যা দেওয়া হলো, তা-তো আমরা খেতেও পারি না। সব মিলিয়ে ২ দিনের মতো আমরা যাযাবর দিন পার করলাম”।

বিমানবন্দর থেকে বেরোনো ক্লান্ত এই মানুষগুলোর অনেকে বলে গেলেন একই সুরে- “সার্ভিস ভালো না করতে পারলে খুব দ্রুত সময়ে আমাদের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটি ডুবে যাবে”।

রোমের ট্রানজিট লাউঞ্জের ফ্লোরে শুয়ে কাটানো ৪০ ঘণ্টা তাদের শিখিয়ে গেছে, আকাশে ডানা মেলা পতাকাবাহী বিমানটির প্রতি ভালোবাসা থাকলেও, মাটিতে নেমে পাসপোর্টের বৈষম্যের আঘাত সেই ভালোবাসাকে প্রতিদিনই ভাঙছে টুকরো টুকরো করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা