বাসস
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৫:৫০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত এক ব্যক্তির হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নবনির্মিত টিনের ঘরের চাবি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা দুর্গত এলাকায় রবিবার দুপুরে ক্ষতিগ্রস্তদের হাতে তিনি এসব চাবি তুলে দেন।
ঘর হস্তান্তরকালে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। পরে তিনি সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
গত ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালীর বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। এতে শত শত মানুষের ঘরবাড়ি ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়।
বাঁশখালীর কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা হন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।