× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর সফর ঘিরে একগুচ্ছ দাবি পূরণের আশায় চট্টগ্রামবাসী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ০৮:৫২ এএম

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনের পর দ্বিতীয়বারের মতো আজ চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একদিনের এ সফরে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতবিনিময়ে অংশ নেবেন তিনি। তার এ আগমন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর এই আগমনে নিজেদের দাবি পূরণের প্রত্যাশায় বুক বেঁধেছেন উত্তর ও দক্ষিণ জেলার মানুষ। সম্প্রতি অতিভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার কাছে হার মেনেছে সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, চকরিয়া, কক্সবাজার জেলার বাসিন্দারা। বন্যা-পরবর্তী দক্ষিণ চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনে ফের বাঁচার স্বপ্ন দেখছেন ক্ষতিগ্রস্তরা, করছেন দাবি পূরণের প্রত্যাশাও।

স্থানীয়দের মতে, বাঁশখালীর দীর্ঘদিনের প্রধান সমস্যা উপকূলীয় বেড়িবাঁধ। একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা গেলে একদিকে যেমন মানুষের জীবন ও বসতভিটা রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতির ওপর দুর্যোগের অভিঘাতও অনেকটা কমানো সম্ভব হবে। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফর যেন শুধু আনুষ্ঠানিকতা বা ত্রাণে সীমাবদ্ধ না থেকে পুনর্বাসন, উপকূলীয় নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার সূচনা করে।

স্থানীয় বাসিন্দা রহিম সৈকত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, একটি টেকসই বেড়িবাঁধকে শুধু প্রতিরক্ষা অবকাঠামো হিসেবে না দেখে ভবিষ্যতে উপকূলীয় মেরিন ড্রাইভ ও অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে পরিকল্পনা করা যেতে পারে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী বলেন, বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো স্থায়ীভাবে মেরামতের মাধ্যমে মেরিন ড্রাইভে রূপান্তর করার প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। এমন প্রস্তাবনা হলে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার স্থায়ী উন্নয়ন ঘটবে অন্যদিকে এলাকার মানুষের দুর্ভোগ বহুলাংশে লাঘব হবে। 

বাঁশখালী উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হেফাজ উদ্দীন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফরকে আমরা বাঁশখালীর মানুষের দাবি-দাওয়া ও সম্ভাবনাগুলো তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছি। 

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনে হাটহাজারী, ফটিকছড়িতে বইছে উৎসবের আমেজ। সড়ক উন্নয়ন, হ্যালিপ্যাড তৈরি ইত্যাদি কাজ সম্পন্ন করেছেন প্রশাসন। ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়ির টেকসই উন্নয়নের জন্য কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। এর মধ্যে সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা, বিদ্যমান কয়েকটি কলেজ সরকারীকরণ, স্থানীয় গ্যাস সম্পদের সুষম বণ্টন, চা ও রাবার বাগানে শিল্পভিত্তিক গ্যাস সংযোগ এবং অব্যবহৃত খাসজমিতে শিল্পাঞ্চল গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির বিষয় রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ফটিকছড়ির সাধারণ মানুষের প্রত্যাশাও বেড়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও নগর উন্নয়নের যেসব দাবি রয়েছে, এবার সেগুলোর বিষয়ে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা।

চউকের প্রস্তুতি সম্পন্ন

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে সামনে রেখে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) প্রস্তুতি প্রায় শেষ। সফর নির্বিঘ্ন করতে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। অসম্পন্ন কাজ শেষ করা, সড়ক ও স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, রঙ ও সৌন্দর্যবর্ধনের কাজে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।

চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমাকে চট্টগ্রামকে সবুজ, নান্দনিক, টেকসই ও পরিকল্পিতভাবে সাজানোর দায়িত্ব দিয়েছেন। সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। 

অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমনে দলীয়ভাবে প্রস্তুতি সেরেছে মহানগর, উত্তর ও দক্ষিণের নেতারা। প্রধানমন্ত্রীকে হজরত শাহ আমানত বিমানবন্দর থেকে বরণ করা থেকে শুরু করে দুই উপজেলায় সফর এবং নগরীর রেডিসন ব্লুর অডিটরিয়ামে নেতাদের মতবিনিময় সভার সব প্রস্তুতি সম্পন্ন করেছে মহানগর বিএনপি।

হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে সফরের অংশ হিসেবে ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ৬৪ জন শীর্ষ আলেমের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মুফতি রহমত উল্লাহ বাবুনগরী। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতোমধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মুহাম্মদ হেলাল বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের কয়েকটি স্থানে যাবেন। তিনি হেফাজত আমিরের সঙ্গে মতবিনিময় করবেন। হাটহাজারীতে বন্যার্তদের ঘর উপহার দেবেন। বাঁশখালী ও কক্সবাজারের মহেশখালীতেও তার কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে চট্টগ্রাম প্রস্তুত।

নিরাপত্তা বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মুহাম্মদ মাসুদ আলম বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভেন্যু ও সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে আড়াই থেকে তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা