× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১/১১-এর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ২১:২৬ পিএম

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শনিবার ডিজিএফআই কমপ্লেক্সে জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: বাসস

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শনিবার ডিজিএফআই কমপ্লেক্সে জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: বাসস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সময় আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনের তথ্য বিভিন্ন সাক্ষীর বর্ণনায় পাওয়া গেছে। পর্যায়ক্রমে এগুলো বিচারে রিফ্লেকশন (প্রতিফলন) হবে।

ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) কমপ্লেক্সে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) পরিদর্শন শেষে শনিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী, প্রসিকিউশন টিম, আসামিপক্ষের আইনজীবী, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. ইয়াসিন, সাধারণ সম্পাদক আরাফাত মুন্না, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, কার্যনির্বাহী সদস্য মাজহারুল হক মান্না পরিদর্শনে অংশ নেন।

চিফ প্রসিকিউটর বলেন, “বিচারের অংশ হিসেবে আমরা ডিজিএফআইয়ের কমপ্লেক্সের ভেতরে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) পরিদর্শন করেছি। এই জেআইসি নামক প্রতিষ্ঠানটি ছিল মানুষকে ধরে এনে বন্দি করে রেখে তাদের ওপর অত্যাচার এবং নির্যাতনের একটা সেল। যেটা পরবর্তীতে আয়নাঘর হিসেবে পরিচিতি পেয়েছে”। 

তিনি বলেন, “আজ যে জেআইসি আমরা পরিদর্শন করেছি এক-এগারোর সময় আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারই কোনো একটি কামরায় আনা হয়েছে। তার ওপর নির্যাতন করা হয়েছিল। আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীর মুখের বর্ণনা থেকে এ তথ্য পাওয়া গেছে। পর্যায়ক্রমে এগুলো বিচারে রিফ্লেকশন হবে”। 

শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করা হয়েছিল উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর কিছুসংখ্যক অতি উৎসাহী সদস্য সরকারের কিছু অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই আয়নাঘর নামীয় টর্চার সেলগুলো বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল”।

তিনি আরও বলেন, “পরিদর্শনের সময় বিচারকেরা এমন একটি স্থাপনার বাস্তব চিত্র দেখেছেন, যেখানে মানুষকে দিনের পর দিন, মাসের পর মাস এমনকি বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছিল। অমানবিকভাবে বন্দিদের ধরে এনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে। সেই নির্মম চিত্র আজ পরিদর্শনের মধ্য দিয়ে কিছুটা অনুভব করা যায়”। 

চিফ প্রসিকিউটর বলেন, “ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীসহ বিভিন্ন ব্যক্তিকে এ জেআইসিতে রাখা হয়েছিল এবং তাদের ওপর নির্যাতন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীকেও সেখানে বন্দি রাখা হয়েছিল”। 

তিনি বলেন, “কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। তবে কোনো নাগরিক যেন বিচারবহির্ভূত হত্যার শিকার না হন বা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অযথা হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা প্রয়োজন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা