প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৯:২২ পিএম
শুক্রবার সকালে রোমে জরুরি অবতরণ করে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি। ফাইল ছবি: বাসস
কানাডার টরন্টো থেকে শুক্রবার সন্ধ্যায় ২৫৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এর প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এয়ারলাইনস দাবি করে, ইতোমধ্যে যাত্রীদের একটি হোটেলের স্থানান্তর করা হয়েছে। কিন্তু বাস্তবে রাতভর ফিউমিচিনো বিমানবন্দরের লাউঞ্জের চেয়ার-মেঝেতে নির্ঘুম রাত কাটাতে হয়েছে বাংলাদেশি পাসপোর্টধারী ১৭০ জন যাত্রীকে। টরন্টো থেকে ঢাকাগামী ফ্লাইটটি আটকে পড়ার ২৪ ঘণ্টা পরও তাদের কপালে জোটেনি হোটেলের বিছানা।
শুক্রবার সকালেই রোমে জরুরি অবতরণ করে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি। টানা আট ঘণ্টা বিমানে আটকে রাখার পর রাত ১১টায় যাত্রীদের নামানো হয়। তখনই স্পষ্ট হয়ে যায় বৈষম্যের চিত্র—যাদের হাতে শেনজেন ভিসা বা আমেরিকা-কানাডার পাসপোর্ট আছে, কেবল তারাই পেরেছেন বিমানবন্দর ছেড়ে হোটেলে যেতে। আর বাংলাদেশি পাসপোর্টধারী ১৭০ জনকে রাতভর লাউঞ্জের মেঝেতে শুয়ে-বসে কাটাতে হয়েছে।
বিমানের ওই মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন উঠেছে। ইতোমধ্যে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে—শুক্রবার রাতে এমন দাবি কেন করা হয়েছিল; জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সত্যি বলতে ভাই, বিমানে থাকা লোকজন অনেক ব্যস্ত। নেটওয়ার্ক ও বিভিন্ন ইস্যুর কারণে বারবার কল দিলেও পাওয়া যাচ্ছে না। দেখা যায় অনেক সময় আধা ঘণ্টা, এক ঘণ্টা পর পর কথা হচ্ছে। এদিকে বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিউজ আসছে। তাই তখন যে খবর পেয়েছিলাম তাই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।’
এদিকে দীর্ঘসূত্রতায় ভুগছে ত্রুটিপূর্ণ উড়োজাহাজটি মেরামতের কাজও। রোমে বাংলাদেশ বিমানের কান্ট্রি ডিরেক্টর জানান, আগস্টে রোমের অধিকাংশ অফিসারই ছুটিতে বা ফেস্টিভ মুডে থাকার কারণে স্থানীয়ভাবে দ্রুত মেরামত সম্ভব হয়নি। এ কারণে ঢাকা থেকে প্রকৌশলী দল ও খুচরা যন্ত্রাংশ উড়িয়ে এনে বিমান ঠিক করতে হচ্ছে। শনিবার দুপুরে বিজি-৩০৫ ফ্লাইটে করে প্রকৌশলী দল রোমের উদ্দেশে ছেড়ে গেলেও কবে নাগাদ মেরামত শেষ হবে, তার নিশ্চয়তা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক আবু সাঈদ বলেন, ‘অনেক বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তি বিমানে ছিলেন। আট ঘণ্টা আটকে রাখার পর বাংলাদেশি পাসপোর্টের কারণে আমরা হোটেলে যেতে পারিনি। পুরো রাত লাউঞ্জের মেঝেতে কেটেছে।’
বিমানে থাকা ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা রোকন উর রহমান জানান, ‘ডায়াবেটিস-প্রেশারের রোগীরা খুব বিপাকে। ব্রেকফাস্ট দেওয়ার কথা থাকলেও সময়মতো দেয়নি। এভাবে লাউঞ্জে থাকা খুব কষ্টকর।’
আটকা যাত্রীদের মধ্যে আছেন জাতীয় ফুটবলার কাজেম শাহ ও তার পরিবার। কানাডিয়ান পাসপোর্ট থাকায় তারা হোটেলে গেলেও কাজেমের বাবা হালিম শাহ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যাদের শেনজেন ভিসা বা আমেরিকা-কানাডার পাসপোর্ট নেই, তারা এখনও বিমানবন্দরে আটকা। কবে ঢাকা পৌঁছাব কেউ জানে না।’
বিমানের ওই কর্মকর্তা আরও বলেন, ‘রোম বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে যাত্রীদের হোটেলে নেওয়ার আবেদন করা হয়েছিল। কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য কোনো উত্তর আসেনি।’
লাউঞ্জে আটকা যাত্রীদের খাবার ও জরুরি সহায়তা দেওয়া হচ্ছে বলে দাবি করলেও ভুক্তভোগীরা বলছেন ভিন্ন কথা।
সর্বশেষ তথ্য বলছে, বিমানটির রবিবার সকাল সাড়ে ১০টার আগে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা নেই। দীর্ঘ ২৪ ঘণ্টার ভোগান্তিতে লাউঞ্জে আটকে থাকা ১৭০ বাংলাদেশির ধৈর্যের বাঁধ এখন ভেঙে পড়ার উপক্রম।