প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৬:৪০ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ১৭:১০ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত ও বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহিদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “জুলাইয়ের আন্দোলনে কেউ সরাসরি অংশ নিয়েছেন, আবার কারও আপনজন এতে অংশ নিয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়েই দেশের মানুষ আজ একটি মুক্ত পরিবেশে বসবাসের সুযোগ পাচ্ছে”।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেশের মানুষের আত্মত্যাগের পেছনে একটি অভিন্ন আকাঙ্ক্ষা ছিল-বাংলাদেশকে আরও ভালো ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। যারা প্রাণ হারিয়েছেন, শারীরিকভাবে আহত হয়েছেন কিংবা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের আত্মত্যাগের মূল্যায়ন করাও রাষ্ট্রের দায়িত্ব”।
রাষ্ট্র ও সরকারের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এসব সীমাবদ্ধতার মধ্যেও বাস্তবতার নিরিখে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। দেশের জন্য কী পেলাম, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়; বরং দেশকে কী দিতে পারলাম, সেটিই বড় কথা”।
তিনি বলেন, “এই লক্ষ্য সামনে রেখে ধীরে ধীরে এগিয়ে যেতে পারলে আগামী দিনে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে”।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব”।
১০ পরিবারের সদস্য পেলেন নিয়োগপত্র
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
নিয়োগপত্র পাওয়া ব্যক্তিরা হলেন- শহিদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহিদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহিদ মো. আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার, শহিদ মো. মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার, শহিদ মো. জুয়েলের স্ত্রী সুমাইয়া আক্তার সুবর্ণা, শহিদ মিরাজের বোন সামিয়া ইসলাম পপি, শহিদ আহসান কবিরের স্ত্রী হাফিজা আক্তার হ্যাপি এবং শহিদ ওমর নুরুল আবছারের স্ত্রী ফারজানা আক্তার রাণী।
এ ছাড়া গুরুতর আহত মো. আব্দুল মতিনের স্ত্রী সাবানা আক্তার এবং গুরুতর আহত মো. জুলফিকার আলমের স্ত্রী মোছা. আরজু আক্তারও চাকরির নিয়োগপত্র পেয়েছেন।
অনুষ্ঠানে সম্প্রতি চাকরিতে যোগ দেওয়া শহিদ আব্দুল্লাহ বীন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা এবং আহত জুলাই যোদ্ধা সোহেলি তামান্নাও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।