× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠা পানির মাছের অভয়াশ্রম গড়বে সরকার: প্রাণিসম্পদ মন্ত্রী

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৫:২৭ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ১৫:৫৩ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে শনিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে শনিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হাওর, বিল, নদী ও জলাশয়ে দেশীয় মিঠা পানির মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।

এ কর্মসূচির আওতায় হাওর ও জলাভূমির বিভিন্ন এলাকায় বড় গর্ত ও খাঁড়ি তৈরি করে সেগুলো সংরক্ষিত রাখা হবে। পাশাপাশি মা মাছের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে এসব এলাকায় পাহারাদারের ব্যবস্থাও করা হবে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে শনিবার সকালে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী বলেন, আগামী মৌসুম থেকেই এ উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হবে। এ জন্য ইতোমধ্যে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এবং বাজেটও নির্ধারণ করা হয়েছে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “একসময় হাওর, বাওড়, নদী ও বিভিন্ন জলাশয়ের দেশীয় মাছের ওপর মানুষের খাদ্যের বড় একটি অংশ নির্ভরশীল ছিল। তখন চাষের মাছের প্রচলনও তেমন ছিল না। কিন্তু সময়ের সঙ্গে কৃষিতে বিভিন্ন ধরনের কীটনাশক ও সার ব্যবহারের পাশাপাশি মা মাছের প্রজননক্ষেত্রগুলো নষ্ট হয়ে যাওয়ায় দেশীয় মিঠা পানির মাছের স্বাভাবিক উৎপাদন কমে গেছে।”

তিনি বলেন, “মা মাছের অভয়াশ্রম প্রায় বিলীন হয়ে গেছে। যার কারণে প্রাকৃতিক মিঠা পানির মাছ এখন বিলুপ্তির পথে। আগে হাওর ও জলাভূমির বিভিন্ন ডোবা ও খাঁড়িতে মা মাছ আশ্রয় নিত। কিন্তু বর্তমানে এসব স্থান থেকেও মাছ ধরে ফেলা হয়। ফলে মাছের প্রজননের জন্য নিরাপদ স্থান দিন দিন কমে যাচ্ছে।”

এই পরিস্থিতি মোকাবিলায় হাওর ও জলাভূমির বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে বড় গর্ত ও খাঁড়ি তৈরি করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “এসব স্থান মা মাছের জন্য সংরক্ষিত থাকবে। সেখানে পাহারাদারের ব্যবস্থা করা হবে, যাতে অন্যান্য এলাকায় মাছ ধরা হলেও অভয়াশ্রমে মাছ ধরা না যায়।”

মন্ত্রী বলেন, “মা মাছের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা গেলে প্রজননের সুযোগ বাড়বে। এতে ডিমের পরিমাণ বাড়বে এবং ধীরে ধীরে দেশীয় মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে। মা মাছ যত বাড়বে, ডিম তত বেশি হবে; ডিম যত বেশি হবে, মাছের উৎপাদন তত বাড়বে।”

মন্ত্রী আরও বলেন, “সরকারের এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’। আগামী মৌসুম থেকে এর বাস্তবায়ন শুরু হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে হাওরাঞ্চলে দেশীয় মিঠা পানির মাছের প্রজনন ও উৎপাদন বাড়ার পাশাপাশি বিলুপ্তির ঝুঁকিতে থাকা বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে শনিবার সকালে পাকুন্দিয়া উপজেলার থানারঘাট-বাহাদিয়া এলাকার ব্রহ্মপুত্র নদ ও কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট স্টেডিয়াম পরিদর্শন করেন কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের এমপি মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি মো. জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা