প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৩:০৫ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ১৭:২৭ পিএম
প্রতীকী ছবি।
২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সাড়ে ছয় বছরে দেশে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ৭১২ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ১৪৩ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনার বড় একটি অংশ ঘটেছে ভারী যানবাহনের ধাক্কায়। ১৬ হাজার ৬৫টি দুর্ঘটনার মধ্যে ৬ হাজার ৩১৪টি বা ৩৯ দশমিক ৩০ শতাংশ ঘটেছে মোটরসাইকেলে ভারী যানবাহনের ধাক্কায়। এ ছাড়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৫ হাজার ৪৯৭টি (৩৪ দশমিক ২১ শতাংশ), মুখোমুখি সংঘর্ষে ৩ হাজার ৫৪৮টি (২২ দশমিক ৮ শতাংশ) এবং অন্যান্য কারণে ৭০৬টি (৪ দশমিক ৩৯ শতাংশ) দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী পণ্যবাহী যানবাহন। ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রাক্টর, ট্রলি ও লরিসহ পণ্যবাহী যানবাহনের কারণে ৬ হাজার ৪৮১টি বা ৪০ দশমিক ৩৪ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। ৫ হাজার ৮৩১টি বা ৩৬ দশমিক ২৯ শতাংশ দুর্ঘটনার জন্য মোটরসাইকেল চালক এককভাবে দায়ী। বাসের চালক দায়ী ২ হাজার ১৬৪টি (১৩ দশমিক ৪৭ শতাংশ) দুর্ঘটনায়।
এ ছাড়া থ্রি-হুইলার ৭৩২টি, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-জিপ ৪৩৮টি, পথচারী ২৯৬টি এবং বাইসাইকেল ও রিকশা ১২৩টি দুর্ঘটনার জন্য দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এসব সড়কে ৬ হাজার ৬৮৯টি বা ৪১ দশমিক ৬৩ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। জাতীয় মহাসড়কে ৪ হাজার ৭৭৩টি (২৯ দশমিক ৭১ শতাংশ), শহরের সড়কে ২ হাজার ৬৪৬টি (১৬ দশমিক ৪৭ শতাংশ) এবং গ্রামীণ সড়কে ১ হাজার ৯৫৭টি (১২ দশমিক ১৮ শতাংশ) দুর্ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে নিবন্ধিত মোট মোটরযানের প্রায় ৭১ শতাংশই মোটরসাইকেল। এর একটি বড় অংশ কিশোর ও যুবকদের দ্বারা চালিত হচ্ছে। তাদের মধ্যে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা বাড়ছে। মোটরসাইকেল উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনের ভাষা-ভঙ্গিও অনেক ক্ষেত্রে তরুণদের অতিরিক্ত গতিতে বাইক চালাতে উৎসাহিত করছে বলে দাবি করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্তদের ৫৮ শতাংশের বয়স ১৩ থেকে ৩৫ বছরের মধ্যে। চার চাকার যানবাহনের তুলনায় মোটরসাইকেল প্রায় ৩০ গুণ বেশি ঝুঁকিপূর্ণ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গণপরিবহনের ঘাটতি, যানজট ও সহজে চলাচলের সুবিধার কারণে দেশে মোটরসাইকেলের ব্যবহার বাড়ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি কমাতে মানসম্পন্ন হেলমেটের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্পন্ন হেলমেট দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি ৪৮ শতাংশ পর্যন্ত কমাতে পারে।
মোটরসাইকেল দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে কিশোর-যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না মানা, রাজনীতিতে বেপরোয়া মোটরসাইকেল চালানোর সংস্কৃতি, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ, সচেতনতামূলক কর্মসূচির ঘাটতি, ত্রুটিপূর্ণ সড়ক অবকাঠামো, প্রযুক্তি ও নজরদারির অভাব, সহজ-সাশ্রয়ী গণপরিবহনের সংকট এবং অসহনীয় যানজটকে চিহ্নিত করা হয়েছে।
দুর্ঘটনা কমাতে মোটরসাইকেলে নিরাপত্তা ও নজরদারি প্রযুক্তির ব্যবহার, মানসম্পন্ন হেলমেট বাধ্যতামূলক করা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তামূলক প্রচারণা, মোটরসাইকেলের বিজ্ঞাপনের ভাষা পরিবর্তন, নিরাপদ সড়ক অবকাঠামো নির্মাণ এবং সহজ-সাশ্রয়ী গণপরিবহন চালুর সুপারিশ করেছে সংস্থাটি।