ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১২:১৪ পিএম
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রধানমন্ত্রীকে বরণে চলছে প্রস্তুতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রবিবার ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতোমধ্যে মাদরাসা কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফটিকছড়িজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও মাদরাসা কর্তৃপক্ষের সমন্বয়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার পাইন্দংয়ের পেলাগাজী দিঘী হেলিপ্যাড থেকে বাবুনগর মাদরাসা পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় চলছে সাজসজ্জা। একই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
সড়কের সৌন্দর্যবর্ধন, মাদরাসা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়ালে রঙের নতুন প্রলেপ এবং অতিথি অভ্যর্থনার নানা আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সড়কের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে তোরণ।
স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, “প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়িতে আন্তরিক ও বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হচ্ছে। তার এ সফরের মাধ্যমে ফটিকছড়ির মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও উন্নয়নের দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।”
তিনি জানান, ফটিকছড়ির টেকসই উন্নয়নের জন্য কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। এর মধ্যে সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা, বিদ্যমান কয়েকটি কলেজ সরকারীকরণ, স্থানীয় গ্যাসসম্পদের সুষম বণ্টন, চা ও রাবার বাগানে শিল্পভিত্তিক গ্যাস সংযোগ এবং অব্যবহৃত খাসজমিতে শিল্পাঞ্চল গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির বিষয় রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ফটিকছড়ির সাধারণ মানুষের প্রত্যাশাও বেড়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও নগর উন্নয়নের যেসব দাবি রয়েছে, এবার সেগুলোর বিষয়ে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা।
স্থানীয়দের অন্যতম দাবি, দক্ষিণাঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা সহজ করতে ফটিকছড়ি দক্ষিণ উপজেলা গঠন। পাশাপাশি দক্ষিণাঞ্চলের আজাদী বাজার ও উত্তরাঞ্চলের হেঁয়াকোকে পৌরসভায় উন্নীত করার দাবিও দীর্ঘদিনের।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে হাটহাজারী-ফটিকছড়ি অংশসহ চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক চার লেনে উন্নীত করার দাবি রয়েছে। একই সঙ্গে ফটিকছড়ি সদর থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত নিয়মিত বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবিও জানিয়েছেন স্থানীয়রা।
এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন তারা।
স্বাস্থ্য খাতেও রয়েছে বড় প্রত্যাশা। ফটিকছড়ির বর্তমান হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এতে প্রত্যন্ত এলাকার মানুষকে চিকিৎসার জন্য বারবার চট্টগ্রাম শহরে ছুটতে হবে না বলে মনে করছেন তারা।
মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার সফরস্থল পরিদর্শন করেছেন। ওই দিন দেশের ৬৪ জন শীর্ষ আলেমের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষের পক্ষে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মুফতি রহমত উল্লাহ বাবুনগরী।
এদিকে বিএনপির দলীয় চেয়ারম্যান ও রাষ্ট্রপ্রধান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় আনন্দমিছিল ও প্রস্তুতি সভা করেছেন দলটির নেতা-কর্মীরা। পাশাপাশি রবিবার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মানবপ্রাচীর তৈরির প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী ফটিকছড়িতে আসছেন- এ খবরে পুরো উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। দল-মত নির্বিশেষে ফটিকছড়ির মানুষ প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের পাশে দাঁড়াবেন। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।”
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মো. ইব্রাহীম জানান, প্রধানমন্ত্রীর ফটিকছড়ি আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণ, অনুষ্ঠানস্থল প্রস্তুত, সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
নিরাপত্তার বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মুহাম্মদ মাসুদ আলম বলেন, “চট্টগ্রামের কয়েকটি ভেন্যুতে প্রধানমন্ত্রীর সফর রয়েছে। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভেন্যু ও সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে আড়াই থেকে তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।”
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মুহাম্মদ হেলাল বলেন, “প্রধানমন্ত্রী চট্টগ্রামের কয়েকটি স্থানে যাবেন। তিনি হেফাজত আমিরের সঙ্গে মতবিনিময় করবেন। হাটহাজারীতে বন্যার্তদের ঘর উপহার দেবেন। বাঁশখালী ও কক্সবাজারের মহেশখালীতেও তার কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে চট্টগ্রাম প্রস্তুত।”
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ফটিকছড়িতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের প্রত্যাশা- শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, ফটিকছড়ির দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলোও যেন সরকারের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব পায় এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।