× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরবর্তী রাষ্ট্রপতি কে, মির্জা ফখরুলের নাম ফিরছে মুখে মুখে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২৩:০২ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে আলোচনা চলছে জোরেশোরে। বিশেষ করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর এই আলোচনার পালে লেগেছে হাওয়া। আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এদিকে বিরোধী দল জামায়াতে ইসলামী এরই মধ্যে জানিয়ে দিয়েছে তাদের পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না রাষ্ট্রপতি পদে। পক্ষান্তরে এখন পর্যন্ত অবস্থান পরিষ্কার করেনি এনসিপি। শেষ পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে কোনো প্রার্থী মনোনোয়ন না দেওয়া হলে বিএনপি যাকে মনোনোয়ন দেবে আক্ষরিক অর্থে তিনিই হবেন রাষ্ট্রপতি। যদিও বিএনপি এখনও রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেনি। তারপরও দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম মুখে মুখে শোনা যাচ্ছে।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রপতি মনোনয়নের ক্ষমতা ন্যস্ত করেছে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম—স্থায়ী কমিটি। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট রাষ্ট্রপতির নাম ঘোষণা করবেন তারেক রহমান। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির একাধিক সিনিয়র নেতার নাম রাষ্ট্রপতি পদে আলোচনায় থাকলেও দলের মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই এই পদের জন্য বিবেচিত হচ্ছেন। একাধিক সূত্র প্রতিদিনের বাংলাদেশকে এ বিষয়টি নিশ্চিত করেছে। যদি তাই হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। 

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাদের প্রার্থী নির্বাচিত হওয়ার বাস্তবসম্মত সুযোগ নেই। এ কারণে দলটি রাষ্ট্রপতি পদে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেননা বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা যাকে প্রার্থী করবেন, তিনিই নির্বাচিত হবেন। তাই জামায়াত এ নির্বাচনে প্রার্থী দিচ্ছে না। 

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে সরকারি দল বিএনপি সংসদের বিরোধী দলগুলোর সঙ্গে কোনো ধরনের মতবিনিময় বা পরামর্শ করেনি। 

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রাষ্ট্রপতি মনোনয়নের ব্যাপারে এনসিপি ৩-৪টি নামের তালিকা করেছে, তবে চূড়ান্ত করেনি। আগামী দুয়েক দিনের মধ্যে ১১-দলীয় জোটের বৈঠক আছে। সেখানে এনসিপি এসব নাম উত্থাপন করবে। বৈঠকে ১১-দলীয় জোটে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এ বিষয়ে জানতে চাইলে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শনিবার ১১-দলীয় জোটের বৈঠক আছে, সেখানে রাষ্ট্রপতির মনোনয়নের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বিবিসিকে বলেছেন, জামায়াত নিজেরা কোনো প্রার্থী দেবে না, সেটি তো ঠিক আছে? জবাবে তিনি বলেন, এ ধরনের কথা জামায়াতের কেন্দ্র থেকে বলা হয়নি। আমরা বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত জানাব।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেছিলেন, সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতায় তারা যাকে মনোনয়ন দেবে, তিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। 

খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেছিলেন, সংসদীয় সংখ্যার বাস্তবতায় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির সিদ্ধান্তই কার্যকর হবে। তিনি এমন সম্মানিত ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন, যিনি সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখবেন এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই হবে ১৬ আগস্ট ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের স্বল্পমেয়াদি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইফ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে অধিবেশনটি কবে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। 

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তবে যদি একজন মাত্র বৈধ প্রার্থী থাকেন, সেক্ষেত্রে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। সেখানে নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিষ্কৃত জামায়াতে ইসলামী থেকে নির্বাচত সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রকাশিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা থেকে এ তথ্য জানা গেছে। 

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাওয়ার পর এই ভোটার তালিকা গত বৃহস্পতিবার রাতে গেজেট আকারে প্রকাশ করে ইসি। একই দিন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলও ঘোষণা করেন। 

গেজেট অনুযায়ী ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। তাদের মধ্যে সংসদের সাধারণ আসনের সদস্য সংখ্যা ২৯৯ জন। আর সংরক্ষিত আসনের ৫০ জন। আইনি জটিলতায় উচ্চ আদালতের নির্দেশে বাতিল হওয়া চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য এই তালিকা থেকে বাদ পড়েছেন। 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন। 

এদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নামও ভোটার তালিকায় থাকা প্রসঙ্গে ইসি কর্মকর্তারা বলেছেন, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হলেও তিনি এখনও সংসদ সদস্য পদে আছেন। স্পিকারের কাছে জামায়াতের উত্থাপিত অভিযোগ এখনও নিষ্পত্তি হয়নি। কাজেই এখন পর্যন্ত যারা সংসদ সদস্য পদে রয়েছেন, আইন অনুযায়ী তারাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা