প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২১:১৪ পিএম
বাংলাদেশসহ ১৪ দেশের নৌ-জোটের প্রধান সৌদি কমান্ডার আল শেহরি। ছবি: দ্য আরব ওইকলি
বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রাথমিক কাঠামো ও পরিচালন ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি আরব রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল শেহরিকে জোটটির কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গঠিত এই সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশও অন্যতম সদস্য।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আশারক আল-আওসাতের প্রতিবেদনে বলা হয়েছে, আল শেহরির রয়েছে ৩২ বছরের বেশি সামরিক অভিজ্ঞতা। রয়্যাল সৌদি নেভাল ফোর্সেসে দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কমান্ড ও অপারেশনাল দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে নৌবাহিনীর পরিকল্পনা, বাজেট ও বাহিনী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্ব পালন, স্পেনে নেভাল সুপারভিশন অ্যান্ড ফলোআপ অফিসের নেতৃত্ব এবং ‘সারাওয়াত প্রকল্প’-এর তদারকি।
সারাওয়াত প্রকল্পের আওতায় রয়্যাল সৌদি নেভাল ফোর্সেসের জন্য পাঁচটি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করা হয়। সামরিক পরিকল্পনা, নৌ সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতায় দীর্ঘ অভিজ্ঞতার কারণে নবগঠিত জোটের নেতৃত্বে আল শেহরিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
সৌদি আরব ও স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সম্পাদিত নির্বাহী চুক্তি বাস্তবায়নের জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন আল শেহরি। পাশাপাশি তিনি বিভিন্ন যৌথ নৌ অভিযান, সামরিক মিশন ও আন্তর্জাতিক মহড়ার পরিকল্পনা এবং নেতৃত্বে যুক্ত ছিলেন। কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা, অপারেশনাল পরিকল্পনা এবং বহুজাতিক সামরিক সমন্বয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে।
শিক্ষাজীবনেও আল–শেহরি আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। তিনি স্পেনের মাদ্রিদের কমপ্লুতেন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষা নীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুল থেকে মানবসম্পদ ব্যবস্থা ব্যবস্থাপনা বিষয়েও আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার। এ ছাড়া যুক্তরাজ্যে উচ্চতর কৌশলগত নেতৃত্ব প্রশিক্ষণ, স্পেনের ন্যাশনাল ডিফেন্স স্টাডিজ সেন্টারে কমান্ড ও স্টাফ কোর্স এবং ফ্রান্সে উন্নত অপারেশন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তিনি।
এর আগে গত ৩০ জুলাই লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ গঠনের ঘোষণা দেয় সৌদি আরবসহ ১৪টি দেশ। সৌদি আরব ছাড়াও জোটের সদস্য দেশগুলো হলো-তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কমোরোস।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই জোটের মূল লক্ষ্য হলো সম্মিলিত সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া পরিচালনা এবং প্রয়োজন অনুযায়ী সমন্বিত নৌ অভিযান পরিচালনা করা। সদস্য দেশগুলোর মতে, সামুদ্রিক নিরাপত্তা কোনো একক দেশের দায়িত্ব নয়; বরং এটি যৌথভাবে মোকাবিলার বিষয়।
জোট গঠনের আলোচনায় অংশ নিতে ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলও আলোচনায় উপস্থিত ছিল। তবে লোহিত সাগরে ইইউর ‘অ্যাস্পাইডস’ নৌ নিরাপত্তা মিশন আগে থেকেই চালু থাকায় নতুন জোটের কার্যক্রমের সঙ্গে এর সম্পর্ক ও পার্থক্য এখনো স্পষ্ট নয়।
সৌদি আরবের নেতৃত্বাধীন এই জোটের সদর দপ্তর সৌদি ভূখণ্ডেই স্থাপন করা হবে, যদিও নির্দিষ্ট স্থান এখনো ঘোষণা করা হয়নি। কোনো দেশ কতসংখ্যক যুদ্ধজাহাজ বা বিমান মোতায়েন করবে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠিত নয়; বরং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এর প্রধান উদ্দেশ্য।