প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২০:২৩ পিএম
শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: ভিডিও থেকে নেওয়া
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশের কড়া প্রতিক্রিয়ার পরও আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার ওই আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। সেখানে দেওয়া বক্তব্যকেও সরকার সমর্থন করে না।
শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, সংবাদ সম্মেলনের আগে এ বিষয়ে ভারতের অবস্থান জানানো হয়েছিল। তিনি সেই অবস্থানই পুনরায় তুলে ধরেন।
গত বুধবার আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে নয়াদিল্লিতে সাউথ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণঅভ্যুত্থান নিয়ে অভিযোগ তোলেন। তার দাবি, কয়েকটি সংগঠন ২০২৪ সালের ছাত্র বিক্ষোভকে ‘সহিংস আন্দোলনে’ পরিণত করেছিল। তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ দেননি।
ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ওই সময়ের হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা চাইবেন কি না—এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান শেখ হাসিনা।
এর মধ্যে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, শেখ হাসিনা যে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা, সেটি একটি বেসরকারি গণমাধ্যম সংশ্লিষ্ট সংস্থা আয়োজন করছে। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। ওই অনুষ্ঠানে যে মতামত প্রকাশ করা হতে পারে, ভারত সরকার তাতেও কোনো সমর্থন দিচ্ছে না।
দিল্লিকে আহ্বান জানানোর পরও শেখ হাসিনার সংবাদ সম্মেলন হতে দেওয়ায় বুধবার রাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ সরকার। ‘দণ্ডিত পলাতক আসামিকে’ বক্তৃতার সুযোগ করে দেওয়াকে ‘সার্বভৌমত্বের ওপর আঘাত’ হিসেবে অভিহিত করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানের দিকে ইঙ্গিত করে ওই বিবৃতিতে বলা হয়, দুঃখজনকভাবে, ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অভিযুক্ত অপরাধী শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশের বারবার পাঠানো অনুরোধের কোনো জবাব এখনও মেলেনি।
বিবৃতিতে আরও বলা হয়, এর বিপরীতে যেকোনো অজুহাতেই হোক, শেখ হাসিনাকে প্রকাশ্যে মতবিনিময়ের সুযোগ করে দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে গভীর আঘাত এবং বাংলাদেশ-ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ক্ষতিকর।
ঢাকার এমন প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে শুক্রবারের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, সংবাদ সম্মেলন হওয়ার আগেই এ বিষয়ে সরকারের অবস্থান জানানো হয়েছিল। যারা সেখানে ছিলেন, তারা তা দেখেছেন। তিনি আরও বলেন, ‘সে কথা আমি পুনরাবৃত্তি করছি।’
রণধীর জয়সওয়াল বলেন, বেসরকারি গণমাধ্যম সংস্থার ওই আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। ওই সভায় যা কিছু বলা হয়েছে, তাও সরকার সমর্থন করে না; বিশেষ করে সাংবিধানিকভাবে গঠিত বাংলাদেশ সরকার সম্পর্কিত বিষয়গুলোর ক্ষেত্রে।