প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৯:২৮ পিএম
রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। ছবিটি ৩০ জুলাই বিকালে রাজধানীর মহাখালীর অনন্যা ফিলিং স্টেশন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
রাজধানীতে গ্যাস সরবরাহ এখনও স্বাভাবিক না হওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ যানবাহনের সারি কাটছে না। গ্যাসের পর্যাপ্ত চাপের অভাব ও নির্ধারিত সময়ে সরবরাহ না থাকায় সিএনজিচালিত অটোরিকশা, বাস ও ব্যক্তিগত গাড়ির চালকদের দিন-রাত ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘস্থায়ী এ সংকট চালকদের আয় কমিয়ে দেওয়ার পাশাপাশি নগরজীবনে সৃষ্টি করেছে তীব্র ভোগান্তি।
খোঁজ নিয়ে জানা গেছে, মহাখালী, তেজগাঁও, কল্যাণপুর, শ্যামলী ও গাবতলী এলাকার অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের সংকট অব্যাহত রয়েছে। কোথাও সাময়িকভাবে গ্যাস সরবরাহ শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ হয়ে যাচ্ছে। গত রাতে সরবরাহ পাওয়া গ্যাস সকাল পর্যন্ত থাকলেও সকালের পর অনেক স্টেশনেই গ্যাস ফুরিয়ে যায়।
কয়েক সপ্তাহ ধরে চলমান এ সংকটে ভোর হওয়ার আগেই চালকরা লাইনে দাঁড়ালেও অনেকের অপেক্ষা গড়ায় দুপুর কিংবা বিকাল পর্যন্ত। চালকদের অভিযোগ, গ্যাসের চাপ এতটাই কম যে একটি গাড়িতে গ্যাস নিতে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি সময় লাগছে। ফলে দিনের অধিকাংশ সময়ই লাইনে কাটছে, যা তাদের দৈনিক আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।
তেজগাঁওয়ের আকিজ সিএনজি ফিলিং স্টেশনের বিক্রয়কর্মী তারেক জানান, রাত সাড়ে ৯টার দিকে গ্যাস সরবরাহ শুরু হলে বিতরণ কার্যক্রম চালানো হয়। তবে ভোরের পর থেকেই লাইনে আর গ্যাস থাকে না।
সংকটের প্রভাবে ঘণ্টার পর ঘণ্টা বাস ও সিএনজিচালিত অটোরিকশা ফিলিং স্টেশনগুলোতে আটকে থাকায় রাজধানীতে গণপরিবহনের সংকটও প্রকট হয়ে উঠেছে। বিশেষ করে কর্মদিবসে অফিসগামী মানুষ ও জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষার পরও যানবাহন না পেয়ে হেঁটে কিংবা অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হচ্ছেন।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়া ও লাইনে প্রয়োজনীয় চাপের ঘাটতির কারণে দ্রুত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। চাপ কম থাকলে কমপ্রেসর চালানোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে স্বাভাবিক সময়ে যতসংখ্যক গাড়িতে গ্যাস দেওয়া সম্ভব হতো, বর্তমানে তার প্রায় অর্ধেকেও সেবা দেওয়া যাচ্ছে না।
চালক, মালিক ও সংশ্লিষ্টরা অবিলম্বে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত চাপ নিশ্চিত করে নিয়মিত গ্যাস সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন।