প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৭:৫৪ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১৮:৩০ পিএম
প্রতীকী ছবি
দেশের উন্নয়নের পরবর্তী ধাপে বিদেশে উচ্চশিক্ষা অর্জনকারী তরুণদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় সরকার। এ লক্ষ্যে দেশে নিরাপদ, বিনিয়োগবান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিদেশফেরত শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
ঢাকার ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতের সরকারগুলো দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও তরুণদের জন্য টেকসই সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নিরাপত্তা, সুশাসন, বিনিয়োগবান্ধব পরিবেশ ও কর্মসংস্থানের বিস্তৃত সুযোগ থাকবে। এতে বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে তরুণরা উদ্যোক্তা হিসেবে অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
শামা ওবায়েদ জানান, সরকার চায় শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ করুক এবং সেই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের বিকাশে কাজে লাগাক। তিনি বলেন, শিক্ষা এখন শুধু ব্যক্তিগত অগ্রগতির মাধ্যম নয়, এটি কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
তিনি আরও জানান, ফ্যাড-ক্যাবের উত্থাপিত যৌক্তিক দাবিগুলো লিখিত আকারে জমা দিলে শিক্ষা, অর্থ ও স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর নজরে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, সব তথ্য ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। ভর্তি, বৃত্তি, ভিসা বা চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভনে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিদেশে পড়াশোনার মূল লক্ষ্য যেন মানসম্মত শিক্ষা অর্জনই থাকে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর নামে সক্রিয় অসাধু দালাল চক্রের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি বাজেটে শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি আগামী দেড় বছরের মধ্যে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।