কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৬:০৫ পিএম
কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিদেশে থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার-চেঁচামেচি করতে পারে। তবে এসবকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না বলা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শুক্রবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনওই এসব গ্রহণ করবে না।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনও অনুশোচনা নেই। তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই এ দেশে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ বাংলাদেশের মানুষ কখনও দেবে না। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি করার অনুমতি কোনওদিনই দেবে না।”
অপহরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অপহরণসহ এ ধরনের অপরাধ দমনে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় স্থানে ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে জিওসি মহোদয় পরিস্থিতি পর্যালোচনা করবেন।”
তিনি বলেন, “আমরা তাকে এ বিষয়ে অনুরোধ করেছি এবং সরকারি পর্যায় থেকেও সেনাবাহিনীকে প্রয়োজনীয় এলাকায় ক্যাম্প স্থাপনের অনুরোধ জানানো হবে। আশা করছি, এতে অপহরণের মতো ঘৃণ্য অপরাধগুলো কার্যকরভাবে দমন করা বা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।”
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ভবন পরিদর্শন করেন এবং সেখানে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হন।
সেখানে সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রকৃতিকে সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়নের চেষ্টা করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশ রেখে যেতে চাই। কক্সবাজারের সমুদ্র সম্পদ, পর্যটন শিল্প, গভীর সমুদ্র বন্দর এবং অন্যান্য প্রাকৃতিক যে সম্পদ আছে, এগুলো আহরণ করলে বিশাল একটি রাজস্ব শুধুমাত্র কক্সবাজার থেকে আহরণ করা সম্ভব।”
তিনি বলেন, “গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য অনুমতি দেওয়া হয়েছে। গভীর সমুদ্রের সম্পদ আহরণের প্রচেষ্টা চলছে। কক্সবাজারে ব্লু ইকোনোমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে। ওইখানে সমুদ্র ভিত্তিক গবেষণা পরিচালিত হবে।”
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্নচূড়া আবাসিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কক্সবাজারকে শুধুমাত্র পর্যটন এলাকা হিসেবেই মানুষ চিনে। কিন্তু কক্সবাজারে যে আরও অনেক বেশি সম্পদ লুকায়িত আছে, সেগুলোকে আমাদের আহরণ করতে হবে।”
তিনি বলেন, “আমরা আবিষ্কার করেছি এখানকার সম্পদ। প্রকৃতি আমাদেরকে দিয়েছে, আমরা শুধু তার সম্ভাবনাকে আবিষ্কার করব। সে অর্জন করার মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশ রেখে যেতে চাই। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। তারেক রহমানের যে প্ল্যান, সে প্ল্যান বাস্তবায়ন করব আমরা ইনশাল্লাহ। আর এই প্ল্যান বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “প্রকৃতিকে সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়নের চেষ্টা করবেন। প্রকৃতিকে সংরক্ষণ করে রিসোর্ট বানানো হবে। শুধুমাত্র উচু উঁচু বিল্ডিং দিয়ে কোনও ট্যুরিজম হতে পারে না, প্রকৃতিকে সংরক্ষণ করে প্রাকৃতিকভাবে স্থাপনা করতে হবে। সমুদ্র সৈকতকে আরও সুন্দর করতে হবে।”
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, প্রকৌশলী মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, “পুরো ১০০ কিলোমিটার জুড়েই সমুদ্রসৈকতকে ব্যবহার করা হবে। যাতে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা যায় সেইরকম কর্মকাণ্ড শুরু করতে হবে। কক্সবাজারকে নিয়ে যেন পুরো জাতি গর্ব করতে পারে সেভাবেই কক্সবাজারকে সাজাতে হবে।”
বক্তব্য শেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্নচূড়া আবাসিক প্রকল্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সানজিদা বেগম, ল্যাপ্টেন কর্নেল আবু নাঈম মুহাম্মদ তালাত, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।