× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফায়ার সার্ভিসের প্রতিবেদন

দেশের ৩৭.৩৮ শতাংশ ভবন অনিরাপদ

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২২:২৭ পিএম

দেশের ৩৭.৩৮ শতাংশ ভবন অনিরাপদ। ছবি: এআই

দেশের ৩৭.৩৮ শতাংশ ভবন অনিরাপদ। ছবি: এআই

দেশের এক-তৃতীয়াংশের বেশি ভবন অগ্নিঝুঁকি মোকাবিলার জন্য প্রস্তুত নয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বশেষ অগ্নিনিরাপত্তা জরিপে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। 

সংস্থাটি সারা দেশে ১০ হাজার ৫৩৩টি ভবন পরিদর্শন করে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, ৩ হাজার ৯৩৮টি ভবন অগ্নিকাণ্ড মোকাবিলার জন্য প্রস্তুত নয়। যার অর্থ দাঁড়ায় দেশের প্রায় ৩৭.৩৮ শতাংশ ভবন অনিরাপদ। সংস্থাটির ঝুঁকিপূর্ণ ভবনের এই তালিকায় রয়েছে সরকারি প্রতিষ্ঠান, আবাসিক ভবন, পোশাক শিল্পকারখানা, হাসপাতাল-ক্লিনিক, শপিং মল, শিক্ষাপ্রতিষ্ঠান, কেমিক্যাল গুদাম ও ফিলিং স্টেশন। যেকোনো সময় এসব ভবনে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

প্রতিবছরই ফায়ার সার্ভিসের এমন পরিসংখ্যান, সতর্কতা, চিঠিতেও কার্যত কোনো ফল আসছে না। বরং ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছেই। ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা জানান, ২০২৫ সালে সারা দেশে মোট ১০ হাজার ৫৩৩টি ভবন পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তারা ৬ হাজার ৫৯৫টি ভবনের (৬২.৬২শতাংশ) পরিস্থিতি সন্তোষজনক, ৩ হাজার ৩১৬টি (৩১.৪৮%) ‘ঝুঁকিপূর্ণ’ ও ৬২২টি (৫.৯%) বহুতল ভবনকে ‘অতিরিক্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে পেয়েছে।

অর্থাৎ প্রতি ৫টি ভবনের মধ্যে প্রায় ২টিই অগ্নি বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত নয়। চিহ্নিত ওইসব ভবনে অগ্নিনিরাপত্তার মানদণ্ড নিশ্চিত করা হয়নি। এ কারণে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তারাও বলছেন, এসব ভবনে অগ্নিকাণ্ড ঘটলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কাও অনেক বেশি। 

ফায়ার সার্ভিসের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালে সারা দেশে অগ্নিঝুঁকিতে ছিল ৩৬.০৯ শতাংশ ভবন, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ৩৭.৩৮ শতাংশে। জরিপ অনুযায়ী, ঝুঁকিপূর্ণ ৩ হাজার ৩১৬টি ভবন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে অতি ঝুঁকিপূর্ণ  ৬২২টি ভবন যেকোনো সময় ভয়াবহ অগ্নিদুর্ঘটনার জন্ম দিতে পারে। 

ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, এসব ভবনের অধিকাংশই বহু বছর আগেই নির্মিত। তাই অগ্নিনিরাপত্তা মানদণ্ড নতুন করে সক্রিয় করাও সম্ভব নয়। ফলে এসব ভবন প্রতিবছরই ঝুঁকির তালিকায় থাকছে। এর সঙ্গে নতুন করে নির্মিত হওয়া কিছু ভবনও যুক্ত হচ্ছে। তাই ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বছর শেষে বাড়ছে। পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে ঢাকার ভবন ও হাসপাতালই বেশি। 

ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্র জানায়, ২০২৫ সালে দেশের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সংস্থাটির দেওয়া প্রতিবেদনে উঠে এসেছে ৬৫২টি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৫টি ভবন ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ  ২৫টি। ৪৭৩টি আবাসিক ভবনের মধ্যে ১৯০টি ঝুঁকিপূর্ণ আর অতি ঝুঁকিপূর্ণ  ভবন ২২টি। এ ছাড়া ১৫৩৩টি পোশাক শিল্পকারখানার মধ্যে ৫৯২টি ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ  ৮৮টি; ৭২০টি কলকারখানার মধ্যে ২৫১টি ঝুঁকিপূর্ণ ও ৩৫টি অতি ঝুঁকিপূর্ণ ; ১০৫৩ হাসপাতাল ক্লিনিকের মধ্যে ৪৩২টি ঝুঁকিপূর্ণ ও ৭৬টি অতি ঝুঁকিপূর্ণ; ৪৮০টি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১৩৩টি ঝুঁকিপূর্ণ ও ১৯টি অতি ঝুঁকিপূর্ণ।

তা ছাড়া ১০৭১ রেস্টুরেন্টের মধ্যে ৩৭২টি রয়েছে ঝুঁকিপূর্ণ, ১৪৫টি অতি ঝুঁকিপূর্ণ; ১১৭১টি শপিং মল-মার্কেটের মধ্যে ৩৪৫টি ঝুঁকিপূর্ণ, ১০৩টিই অতি ঝুঁকিপূর্ণ; ৭৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২২৩টি ঝুঁকিপূর্ণ ও ২৫টি অতি ঝুঁকিপূর্ণ। ৯১টি কেমিক্যাল গোডাউনের মধ্যে ৪২টি ঝুঁকিপূর্ণ আর ৩৮টি রয়েছে অতি ঝুঁকিপূর্ণ; ১০১টি ফিলিং স্টেশনের মধ্যে ২৫টি ঝুঁকিপূর্ণ ও ৭টি অতি ঝুঁকিপূর্ণ; ২৪০৪টি অন্যান্য ভবনের মধ্যে ৫২৬টি ঝুঁকিপূর্ণ ও ৩৯টি অতি ঝুঁকিপূর্ণ।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে উদ্বেগজনক অবস্থায় রয়েছে কেমিক্যাল গুদাম। পরিদর্শন করা ৯১টি গুদামের মধ্যে ৮০টিই ঝুঁকিপূর্ণ বা অতি ঝুঁকিপূর্ণ। অর্থাৎ প্রায় ৮৮ শতাংশ কেমিক্যাল গুদামেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। একইভাবে রেস্টুরেন্ট, হাসপাতাল, মার্কেট ও পোশাক কারখানার বড় একটি অংশও রয়েছে অগ্নিনিরাপত্তার ঘাটতিতে। পরিদর্শনে উঠে আসা তথ্যকে দেশের অগ্নিনিরাপত্তা ব্যবস্থার জন্য রেড অ্যালার্ট বলছেন সংস্থাটির সংশ্লিষ্টরা। এ তথ্য দেশের ভবন নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে নতুন করে আবারও সামনে এনেছে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বেশিরভাগেরই অগ্নিনির্বাপণ ব্যবস্থার মৌলিক উপাদানের অভাব রয়েছে। অনেক ভবনে নেই কার্যকর ফায়ার এক্সিট, অগ্নিনির্বাপক যন্ত্র, পর্যাপ্ত পানি সংরক্ষণ ব্যবস্থা কিংবা জরুরি আলোর ব্যবস্থা। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যখন সার্ভে করা হয় তখন ভবনের মালিকপক্ষকে পরামর্শ দেওয়া হয়। কী কী কারণে তাদের ভবনগুলো ঝুঁকিপূর্ণ কিংবা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেসব জানিয়ে সমাধানের জন্যও বলা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টররা নোটিস দেন। তাতেও অনেক সময় কাজ হয় না। যে কারণে আমরা সিটি করপোরেশন কিংবা জেলা প্রশাসক থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। 

যেসব ভবন মালিকরা ঝুঁকিপূর্ণ বা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ার পরও ফায়ার সার্ভিসের পরামর্শ অনুযায়ী ঝুঁকি নিরসনের উদ্যোগ নেন না, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, গত বছর এমন ১৯২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে ১৭৯টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ২২০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও মামলা করা হয়েছে ৮টি। 

অন্যদিকে ফায়ার সার্ভিসের বার্ষিক এ প্রতিবেদনের অন্য অংশে দেখা গেছে, ২০২৫ সালে সারা দেশে ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৪ দশমিক ৭১ শতাংশ অগ্নিকাণ্ডের কারণ ছিল শর্টসার্কিট। ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ভবনগুলোতে ফায়ার এক্সিট, অগ্নিনির্বাপক সরঞ্জাম, পানি সংরক্ষণ ও জরুরি আলোর মারাত্মক ঘাটতি রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা