প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২০:৫৯ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বিবিসি বাংলা
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শেখ হাসিনাকে ভারত সরকার গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দিল—এটি আমাদের প্রশ্ন।”
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত তাকে আশ্রয় দিলেও সেখানে অবস্থান করে তিনি বাংলাদেশ নিয়ে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন এবং সরাসরি গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা শেখ হাসিনাকে ভারত সরকার কেন রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর এই সুযোগ দিলো— এই প্রশ্নও রাখেন তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার নয়াদিল্লিতে সাউথ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। সেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ক্ষোভ প্রকাশ করেছে।
সালাহউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, “জুলাই আন্দোলনে তারা (আওয়ামী লীগ সরকার) গণহত্যা চালিয়েছে। কিন্তু তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি বা ক্ষমা চায়নি। এমনকি তাদের কোনো অনুশোচনাও নেই। বরং তারা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে। জনগণ তাদের প্রতি ক্ষুব্ধ।”
বিগত অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। পরে বিএনপি সরকার গঠন করলেও সেই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বলেও জানিয়েছে বিবিসি বাংলা।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিচার হবে। সংশ্লিষ্ট আইনে সেই বিধান যুক্ত করা হয়েছে।
“বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে চায় না। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আদালতের সিদ্ধান্তের বিষয় রয়েছে। তারা আদালতে যায়নি। আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে, সরকার সেভাবেই কাজ করবে।”
জনগণের বিচারের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই আন্দোলনে তারা গণহত্যা চালিয়েছে। দীর্ঘ শাসনামলে বিরোধী দল ও ভিন্নমতের মানুষের ওপর দমন-পীড়ন, গুম ও হত্যার অভিযোগ রয়েছে। ফলে জনগণের তাদের প্রতি কোনো আস্থা নেই এবং জনগণও তাদের বিচার করবে।”