প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২০:১১ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৬ ২০:২১ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: ভিডিও থেকে
ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনদিকে যাবে সে বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
দুই দেশের মধ্যকার সম্পর্ক বহুমাত্রিক এবং নানা ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে। তারা স্বৈরাচারী, ফ্যাসিবাদী, সাজাপ্রাপ্তদের বক্তব্য দিতে দিবে কি না এই সিদ্ধান্ত ভারতকে নিতে হবে”।
তিনি আরও বলেন, “ভারতের মাটিতে বসে স্বৈরাচারী, ফ্যাসিবাদী, সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে”।
বাংলাদেশ ভারতের সরকারের সাথে বসে সমস্যাগুলোর সমাধান করতে চায় উল্লেখ করে তিনি বলেন, “আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে যেগুলো আলোচনার মাধ্যমে, সমাধান করতে হবে। সমাধানের প্রয়োজন আছে। সুতরাং অবশ্যই আমরা বসতে চাই”।
“আমরা আলোচনা করতে চাই এবং সেই সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে যে তারা এই স্বৈরাচারী, ফ্যাসিবাদী যারা সাজাপ্রাপ্ত তাদেরকে তাদের ভারতের মাটি তারা প্রথমত আশ্রয় নিয়ে আছে এবং তারপরে সে বক্তব্যগুলো তারা এখনো তারা কন্টিনিউ করতে দিবে কিনা এলাও করবে কিনা সে সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে”, বলেন তিনি।
ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, “তারা (ভারত) ভবিষ্যতে কী করবে, সে বিষয়ে (তাদের) অত্যন্ত বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশকে ঘিরে ভারতের পররাষ্ট্রনীতি কী হবে, সেই সিদ্ধান্ত ভারতেরই নেওয়ার বিষয়”।
শামা ওবায়েদ বলেন, “আমরা চাই ভালো সম্পর্ক থাকুক দুই দেশের জনগণের স্বার্থে। কিন্তু সম্পর্কটা তো হবে সমতার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা সম্মানের জায়গা রেখে এবং নিজেদের স্বার্থটাকে বজায় রেখে, তো সেটা ভারত বুঝতে পারলে সবার জন্য মঙ্গল”।