সিলেট প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৮:২৪ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই; ফিরলেও আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার হতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা যতটুকু আইন বুঝি, শেখ হাসিনার সাধারণ মানুষের মতো সরাসরি দেশে আসার কোনো সুযোগ নেই। তিনি যেভাবেই দেশে আসুন না কেন, দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আইনগতভাবে গ্রেপ্তারের আওতায় আসবেন।”
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে মামলার রায় হয়েছে। ফলে তাকে কারাগারে যেতে হবে এবং আদালতের রায় কার্যকর হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম জানান, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ, এই পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন। এ লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে বাজেট প্রস্তাব দিয়েছে এবং চলতি অর্থবছরের অনুমোদিত বাজেটেও নির্বাচন পরিচালনার জন্য বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। অর্থ বিভাগের সম্মতি এবং স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যৌথ বৈঠকে পরিবেশ, আবহাওয়া ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগস্টের পর অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের যৌথ বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সরকারের ঘোষণা অনুযায়ী, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন সম্পন্ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।