প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৩:৫২ পিএম
কটিয়াদীতে চুনাপাথর কারখানায় অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: তিতাস
কিশোরগঞ্জের কটিয়াদীতে চুনাপাথর কারখানায় অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কটিয়াদি থানায় মঙ্গলবার মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিতাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন, সংশ্লিষ্ট চুন কারখানার জমির মালিক কাজিরচর এলাকার মো. সুলতান উদ্দিন আকন্দ এবং মো. সুমন মিয়া।
তিতাস জানায়, কটিয়াদীতে তিতাস গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসের ১০০০ পিএসআইজি হাই প্রেসার লাইন হতে দুষ্কৃতকারী চক্র চুনাপাথর কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপন করে। অতিরিক্ত প্রেসারের কারণে গ্যাস সংযোগ স্থান হতে গ্যাস লিকেজ হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকায় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়া, রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অপচয় হয়।
এহেন পরিস্থিতিতে গত সোমবার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা, সহকারী কমিশনার, কটিয়াদী, কিশোরগঞ্জ জেলা -এর নেতৃত্বে অভিযানে জোবিঅ -কিশোরগঞ্জ, আঞ্চলিক অপারেশন বিভাগ এবং আঞ্চলিক প্রশাসন ও লিগ্যাল বিভাগ -ময়মমনসিংহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের যৌথ টিমের উপস্থিতিতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ঘটনাস্থল হতে বিভিন্ন ধরনের আলামত জব্দ করা হয়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জের কটিয়াদি থানায় মঙ্গলবার বাংলাদেশ গ্যাস আইন ২০১০ মোতাবেক মামলা দায়ের করা হলে কটিয়াদি থানা পুলিশ বিবাদিদের মধ্যে সংশ্লিষ্ট চুন কারখানার ২ জন জমির মালিককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, অবশিষ্ট আসামি চুন ভাট্টির মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার লিকেজটি মেরামত করে গ্রাহক প্রান্তে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।