গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের প্রশাসনিক ক্ষেত্রে নীরবে হলেও গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন ঘটে চলেছে। গত অন্তর্বর্তী সরকার ও ত্রয়োদশ সংসদ নির্বাচন-পরবর্তী বর্তমান সরকারের আমলে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা একাধিক প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জাতীয় মানবাধিকার কমিশন, রংপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে মেট্রোপলিটন পুলিশ, র্যাব, বাণিজ্য মন্ত্রণালয়সহ অন্যান্য বিভাগেও চাহিদাপত্র না থাকার পরও আইন ও বিচার বিভাগ থেকে সরাসরি পদায়ন করা হয়েছে।
এসব পদায়ন নিয়ে প্রশাসনের ভেতরে ও বাইরে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। কেউ বলছেন, জটিল আইনগত বিষয়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দক্ষতার প্রয়োগ রাষ্ট্রের জন্য ইতিবাচক হতে পারে। আবার সংবিধান বিশেষজ্ঞ, জনপ্রশাসন বিশ্লেষক এবং প্রশাসন ক্যাডারের অনেক কর্মকর্তা প্রশ্ন তুলছেনÑ এটি কি সংবিধানের ২২ অনুচ্ছেদে বর্ণিত বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? ২০০৭ সালের ঐতিহাসিক মাসদার হোসেন রায়ের আলোকে বিচার বিভাগে স্বাধীনতার যে ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল, এই ধারাবাহিক পদায়ন তার ওপর কোনো প্রভাব ফেলবে কি?
প্রশাসন ক্যাডারের একাধিক কর্মকর্তার মতে, নির্বাহী প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ধারাবাহিকভাবে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হলেও প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বিচার বিভাগে সমপর্যায়ের কোনো দায়িত্ব পালনের সুযোগ পান না। তাই বিষয়টি ব্যক্তি নয়, রাষ্ট্রীয় প্রশাসনের কাঠামো ও ক্যাডার ব্যবস্থাপনার নীতির সঙ্গে সম্পর্কিত। তবে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোর জনবল চাহিদা, নিয়োগের প্রক্রিয়া কিংবা নির্বাচনের নির্দিষ্ট নীতিগত ভিত্তি সম্পর্ক আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। ফলে প্রশ্ন উঠছেÑ এসব পদায়ন কি ব্যতিক্রমী প্রয়োজনের ভিত্তিতে হচ্ছে, নাকি ভবিষ্যতে নতুন কোনো প্রশাসনিক ধারা সৃষ্টির লক্ষ্যে এ রকম করা হচ্ছে।
কোথায় কোথায় পদায়ন
অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের সময় জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে জারি করা বিভিন্ন প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব প্রজ্ঞাপন থেকে দেখা গেছে, দুর্নীতি দমন কমিশনে (দুদক) যুগ্ম জেলা জজ পদমর্যাদার ইসমেত জিহাদ, আজাদুর রহমান শেখ, মো. হুমায়ুন কবির এবং সাজেদুর রহমানকে উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া জেলা ও দায়রা জজ বেগম শাহনাজ সুলতানা ও মোহাম্মদ আলী হোসাইনকে মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ইকবাল বাহারকে পরিচালক, জেলা ও দায়রা জজ শাহাদাত হোসেন প্রামাণিককে পরিচালক এবং সিনিয়র সহকারী জজ মো. মাহাদী হাসানকে সহকারী পরিচালক পদে পদায়ন করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সহকারী জজ মুস্তাফা হাসান চৌধুরী ও মিস ফাতেমাতুজ্জোহরাকে সহকারী সচিব এবং জেলা ও দায়রা জজ এমএ হামিদকে আইন উপদেষ্টা করা হয়েছে। এ ছাড়া জেলা ও দায়রা জজ এমএ সাইদকে স্থানীয় সরকার বিভাগের আইন উপদেষ্টা, জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মোশাররফ হোসেনকে রংপুর সিটি করপোরেশনের আইন কর্মকর্তা এবং জেলা ও দায়রা জজ কুদরত-এ-এলাহীকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এসব পদায়ন কার্যকরও হয়েছে। যদিও নির্বাহী বিভাগের এসব পদে বিচারক নিয়োগের ব্যাপারে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
সরকারের যুক্তি কী হতে পারে
জনপ্রশাসন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলছেন, রাষ্ট্র পরিচালনায় আইনগত জটিলতা আগের তুলনায় অনেক বেড়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত, দুর্নীতি দমন, আন্তর্জাতিক চুক্তি, মানবাধিকার, আর্থিক অপরাধ, সাইবার আইন কিংবা সাংবিধানিক প্রশ্নÑ এসব ক্ষেত্রে আইনি ব্যাখ্যা ও অভিজ্ঞতার গুরুত্ব ক্রমেই বাড়ছে।
তাদের মতে, বিচার বিভাগীয় কর্মকর্তারা দীর্ঘদিন আইনি ব্যাখ্যা, বিচারিক বিশ্লেষণ এবং আইনি সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত থাকেন। সেই অভিজ্ঞতাকে প্রশাসনের বিশেষায়িত কিছু প্রতিষ্ঠানে কাজে লাগানো গেলে নীতিনির্ধারণ এবং প্রশাসনিক সিদ্ধান্ত আরও আইনি ভিত্তিসম্পন্ন হতে পারে। বিশেষ করে দুদকের মতো প্রতিষ্ঠানে তদন্ত ও প্রসিকিউশন ব্যবস্থাকে আরও কার্যকর করা, নীতিমালা প্রণয়নে আইনগত ঝুঁকি কমানো এবং প্রশাসনিক সিদ্ধান্তকে আদালতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করার যুক্তিও তুলে ধরা হচ্ছে।
অস্বস্তি প্রশাসন ক্যাডারে
তবে সরকারের এই পদক্ষেপ প্রশাসন ক্যাডারের একটি বড় অংশের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়েছে। বর্তমান ও সাবেক একাধিক কর্মকর্তা বলছেন, একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাঠ প্রশাসন, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতা অর্জনের পর নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছান। সেই পদগুলোতে যদি ধারাবাহিকভাবে অন্য ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই ক্যারিয়ার পরিকল্পনা, পদোন্নতির সুযোগ এবং পেশাগত মনোবলে প্রভাব পড়তে পারে।
একজন অতিরিক্ত সচিবের ভাষ্য অনুযায়ী এটি ব্যক্তি বা কোনো নির্দিষ্ট কর্মকর্তার দক্ষতার প্রশ্ন নয়; বরং রাষ্ট্রের প্রশাসনিক নীতির প্রশ্ন। কোনো পদে বিশেষ আইনগত দক্ষতার প্রয়োজন থাকলে কোন নীতিমালার ভিত্তিতে সেই পদে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে, তা স্পষ্ট করা উচিত।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের আরেকটি যুক্তি ও ক্ষোভ হলো, বিচার বিভাগে তাদের সমপর্যায়ের কোনো দায়িত্ব পালনের সুযোগ নেই। অথচ বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলে ক্যাডারগুলোর মধ্যে ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠছে।
নিয়োগ নয়, প্রশ্ন নীতি নিয়ে
এই বিতর্কে একটি বিষয় স্পষ্টÑ রাষ্ট্রের প্রয়োজনে বিশেষ দক্ষতার কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে পারেনÑ এ বিষয়ে কোনো আপত্তি নেই। প্রশ্ন হলো, সেই পদায়ন যদি নিয়মিত প্রশাসনিক চর্চায় পরিণত হয়, তাহলে তার নীতিগত ভিত্তি কী হবে।
বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্র পরিচালনায় প্রশাসন ও বিচার বিভাগÑ উভয়েরই স্বতন্ত্র ভূমিকা রয়েছে। প্রশাসন বাস্তবায়ন ও জনসেবা ব্যবস্থাপনায় বিশেষায়িত, আর বিচার বিভাগ বিশেষায়িত আইন ব্যাখ্যা ও বিচারিক সিদ্ধান্তে। দুটি ক্ষেত্রের মধ্যে সহযোগিতা যেমন দরকার, তেমনি স্পষ্ট প্রাতিষ্ঠানিক সীমাও থাকা জরুরি।
কেন বাড়ছে বিতর্ক
প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক পদায়নগুলো নিয়ে বিতর্কের অন্যতম কারণ হলো, এগুলোকে এখন আর বিচ্ছিন্ন সিদ্ধান্ত হিসেবে দেখা যাচ্ছে না। ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একই ধরনের নিয়োগ হওয়ায় অনেকেই এটিকে নতুন প্রশাসনিক প্রবণতা হিসেবে বিবেচনা করছেন। সরকার যদি বিশেষ প্রয়োজনের ভিত্তিতে এমন পদায়ন করে থাকে, তাহলে সেই প্রয়োজনের ধরন, নির্বাচন প্রক্রিয়া এবং কোন কোন পদে এ ধরনের নিয়োগ দেওয়া যাবেÑ এসব বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা জনসমক্ষে আসা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে সরকারের ঘনিষ্ঠ প্রশাসনিক সূত্রগুলোর বক্তব্য, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় আইনগত জটিলতা মোকাবিলায় বিশেষজ্ঞ সহায়তার চাহিদা বেড়েছে। ফলে অভিজ্ঞ বিচার বিভাগীয় কর্মকর্তাদের কিছু প্রতিষ্ঠানে যুক্ত করা প্রশাসনিক দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে।