গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
কয়েক দিন ধরে চলমান গ্যাস সংকটে কিছুটা স্বস্তি ফেরার আভাস মিলেছে। কারণ দুর্ঘটনার ফলে বন্ধ থাকা কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটি বয়লার গতকাল বুধবার রাত দুটো থেকে আংশিকভাবে চালু হওয়ার কথা রয়েছে। এতে গ্যাস সংকটে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে টার্মিনালটি পুরোপুরি চালু হতে আরও কয়েক দিন লাগবে। আগামী সপ্তাহে এ টার্মিনাল পুরোপুরি চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।
মহেশখালীর উপকূলে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এর ফলে গত ২১ জুলাই কারিগরি সমস্যা শুরুর পর থেকেই সারা দেশে গ্যাসের সরবরাহ কমে যায়। ফলে শিল্পকারখানা, সিএনজি ফিলিং স্টেশন, বিদ্যুৎকেন্দ্র, সারকারখানা এবং বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ কমে গেছে মারাত্মকভাবে। গ্যাসের চাপ কমে যাওয়ায় বিভিন্ন কারখানায় যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে; তেমনি বেড়েছে লোডশেডিং। গ্যাসের জন্য সিএনজি ফিলিং স্টেশনগুলোয় গাড়ির লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। বাসাবাড়িতে চুলা জ্বলছে না।
পেট্রোবাংলা সূত্র বলছে, এক্সিলারেটের টার্মিনালে দুটো বয়লার আছে। প্রতিটির সক্ষমতা ৩০ কোটি ঘনফুট করে। আগুনে একটির ক্ষতি হলেও অন্যটি অক্ষত ছিল; কিন্তু বৈদ্যুতিক তারসহ কিছু যন্ত্রাংশ পুড়ে যাওয়ায় মেরামতে সময় লাগছে। ইতোমধ্যে অক্ষত বয়লার থেকে গ্যাস সরবরাহ চালু করতে টার্মিনাল তৈরি করা হয়েছে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এক কর্মকর্তা জানিয়েছেন, টার্মিনাল মেরামতের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। টার্মিনাল চালু হওয়ার পর প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে দৈনিক ২০০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। আগামী সপ্তাহে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় চালু হলে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, পরিকল্পনা অনুযায়ী আজই (বুধবার) এলএনজি টার্মিনালটি চালু করার কথা রয়েছে। শুরুতে ২০০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও কয়েক দিনের মধ্যে এটি পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে।
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ ছিল ২ হাজার ৬০০ মিলিয়ন ঘটফুট। সেই হিসেবে আগে থেকেই ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। একটি ভাসমান এলএনজি টার্মিনালের ক্ষতি হওয়ায় বর্তমানে দেশে মোট গ্যাস সরবরাহ নেমে গেছে দৈনিক ২ হাজার ১৫০ মিলিয়ন ঘনফুটে।
স্বাভাবিক সময়ে আমদানি করা এলএনজি থেকে দৈনিক ৯৫০ থেকে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও একটি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। এতে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। বর্তমানে সামিট গ্রুপ পরিচালিত দেশের দ্বিতীয় ভাসমান এলএনজি টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। দ্বিতীয়টি আংশিক চালু হওয়ার পর সেটা ৭০০ থেকে ৮০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছবে। এতে করে গ্যাস সংকটের কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন বলেন, ‘আমাদের এফএসআরইউ যেটা আছে, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। সেটা মেরামতে আমাদের দেশি এবং বিদেশি প্রকৌশলীরা অক্লান্ত পরিশ্রম করছেন। আজ (গতকাল বুধবার) রাত থেকেই এটার দুইটা বয়লারের একটা হয়তো মেরামত হয়ে যাবে। টার্মিনালটা নষ্ট হওয়ায় আমরা প্রায় সাড়ে ৪০০ এমএমসিএফটি (মিলিয়ন ঘটফুট) গ্যাস কম পাচ্ছি। একটা বয়লার মেরামত হয়ে গেলে হয়তো ২০০ থেকে ২৫০ এমএমসিএফটি আসতে পারে। বাকি অংশ আরেকটা বয়লার মেরামত হলে পাওয়া যাবে।’
নেওয়া হচ্ছে নানা উদ্যোগ
দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ সংকট মোকাবিলায় বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। দীর্ঘ, মধ্যম ও স্বল্পমেয়াদি উদ্যোগ নিয়ে কাজ করা হচ্ছে। কূপ খননের মাধ্যমে দেশীয় উৎপাদন বাড়াতে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর বাইরে এলএনজি সরবরাহে মহেশখালীর কুতুবজোমে ভাসমান টার্মিনাল স্থাপনের জন্য চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের প্রস্তাব জিটুজি পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দিয়েছে। এ ছাড়া স্থলভাগে আরও একটি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকেও গ্যাস আমদানির কথা ভাবা হচ্ছে। পাশাপাশি চলমান ঘাটতি মেটাতে ও সরবরাহ ঠিক রাখতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে আগামী ১৩ বছর এলএনজি আমদানির নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, যেসব পদক্ষেপ নিয়ে সরকার সামনে অগ্রসর হচ্ছে তা সময়সাপেক্ষ। এগুলো কার্যকর হতে কমপক্ষে দুই থেকে আট-দশ বছর সময় প্রয়োজন হবে। তাই চলমান এই সমস্যার সমাধান এখনই মিলবে না। সাধারণ মানুষকে পুরোপুরি স্বস্তি দিতে হলে এখনই দীর্ঘমেয়াদি টেকসই জ্বালানিনীতি প্রণয়ন করে কাজ শুরু করতে হবে।