প্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
‘মিথ্যে কথা, কবিরা সব সময় সত্যদ্রষ্টা হয় না।’ সুনীল গঙ্গোপাধ্যায় ‘কবির মৃত্যু’ কবিতায় এই স্বীকারোক্তি করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও এই কথা ফলতে দেখেছি আমরা। মৃত্যুর দিন আটেক আগে, মুখে মুখে একটি কবিতা রচনার সময় কবি তার অত্যন্ত কাছের মানুষ রাণী মহালানবিশকে বলেছিলেন, খানিকটা গোলমাল আছে, পরে তা ঠিক করে দেবেন। দিনটি ছিল ১৩৪৮ বঙ্গাব্দের ১৪ শ্রাবণ। সেদিন অস্ত্রোপচারের কক্ষে যাওয়ার আগে অশক্ত শরীরে তিনি উচ্চারণ করেছিলেনÑ ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি / বিচিত্র ছলনাজালে, / হে ছলনাময়ী।’ কী গোলমাল ছিল এই কবিতায়? জানা যায়নি আর। ‘ঠিক’ করে দেওয়ার সেই সুযোগ কবি নিজেও আর পাননি। ক্রমশ আরও খারাপ হতে থাকে কবির শরীর। ২২ শ্রাবণ, এই পৃথিবীর ‘মায়াবেড়ি ত্যাজ্য করি’ চিরতরে চোখ বুঁজে নেন বাঙালির শ্রেষ্ঠ ও কালজয়ী প্রতিভা। আজকের এই দিনে। আজ শুধু কবির মৃত্যুদিন নয়, বাঙালির এক মহোত্তম সত্তার মহানির্বাণের দিন, যে প্রয়াণ আজও আমাদের বেদনায় মাথা নত করে দেয়।
বছর ঘুরে আবারও আমাদের সামনে এসেছে সেই ‘বাইশে শ্রাবণ’। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় কবিগুরুর প্রতি প্রণতি জানানোর দিন। আজ থেকে ৮৫ বছর আগে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির শ্যামল প্রাঙ্গণে প্রিয় ঋতু বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণের বাদলঝরা দিনে তিনি পরলোকগমন করেন। তার এই প্রয়াণ প্রতিটি বাঙালির হৃদয় ক্ষত-বিক্ষত করলেও, সবার মনে শেষ পর্যন্ত এই বোধই জেগে ওঠেÑ এ যাওয়া শুধু তার দেহান্তর মাত্র। তিনি আমাদের মাঝে বেঁচে আছেন এবং অনন্তকাল বেঁচে থাকবেন তার অসামান্য সব সৃষ্টির মধ্য দিয়ে।
কবিগুরু তার দীর্ঘ আশি বছরের জীবনসাধনায় জন্ম এবং মৃত্যুÑ এই দুইয়ের মাঝে তফাত দেখেছেন খুব সামান্যই। সৃষ্টিই যে নশ্বর জীবনকে অবিনশ্বরতা দেয়, তা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন বলেই তিনি লিখেছিলেন, ‘মৃত্যু দিয়ে যে প্রাণের মূল্য দিতে হয় / সে প্রাণ অমৃতলোকে মৃত্যুকে করে জয়।’ অন্যদিকে, জীবনতৃষ্ণায় উদ্বেলিত হয়ে তিনি লিখেছেন, ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে / মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। / এই সূর্যকরে এই পুষ্পিত কাননে / জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই।’ আবার জীবনসায়াহ্নে এসে তার আকুতি ছিলÑ ‘মোর নাম এই বলে খ্যাত হোক, / আমি তোমাদেরই লোক’।
তাইতো মহান এই কবির মহাপ্রয়াণে শোকার্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করে লিখেছিলেন, ‘দুপুরের রবি পড়িয়াছে ধলে অস্ত- পথের কোলে / শ্রাবণের মেঘ ছুটে এল দলে দলে / উদাস গগন-তলে / বিশ্বের রবি, ভারতের কবি, / শ্যাম বাংলার হৃদয়ের ছবি / তুমি চলে যাবে বলে!’
কবিগুরুর প্রয়াণ ঘটলেও তার মৃত্যু মূলত একটি শারীরিক বিদায়মাত্র। বাংলা ভাষা ও সাহিত্যের অনেক কিছুরই প্রথম রূপকার তিনি। তার পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে পরিণত হয়েছে বাংলার শিল্প-সাহিত্য। ছোটগল্পের জনক এবং বাংলা গদ্যের আধুনিকায়নের পথিকৃৎ তিনি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল জয় করেছিলেন। ব্যক্তিগত চিঠিও যে কী অসাধারণ ললিত-সাহিত্য আর দার্শনিকতার দৃষ্টান্ত হতে পারে, ‘ছিন্নপত্র’ সৃষ্টির আগে তার কোনো নজির ছিল না।
১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার বিখ্যাত জমিদার পরিবারে রবীন্দ্রনাথের জন্ম। সময়ের পথপরিক্রমায় অসাধারণ মেধা, প্রজ্ঞা আর অসামান্য চিন্তাশক্তির প্রয়োগে তিনি বাংলা সাহিত্যের দিকপাল হয়ে ওঠেন। বিশ্বদরবারে তিনি একাধারে আপাদমস্তক একজন কবি, নাট্যকার, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, ভাষাবিদ ও দার্শনিক। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, নতুন সুর ও বিচিত্র গানের বাণী, সমাজ ও রাষ্ট্রনীতিসংলগ্ন গভীর জীবনবাদী নিবন্ধÑ সর্বত্রই রবীন্দ্রনাথ চিরনবীন, চির-অম্লান। বাংলা সাহিত্য-সংস্কৃতির এমন কোনো শাখা নেই, যেখানে তিনি দোর্দণ্ড প্রতাপের সঙ্গে বিচরণ করেননি।
রবীন্দ্রনাথের ধর্মীয় ও দার্শনিক চেতনা শুধু নিজের শান্তি বা আত্মার মুক্তির জন্য ছিল না, মানুষের কল্যাণের জন্য যে সাধনাÑ তাই ছিল তার ধর্ম। মানবতাবাদী এই কবি বিশ্বাস করতেন বিশ্বমানবতায়। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই দর্শন অন্বেষণ করেছেন তিনি। তার সাহিত্য ও দর্শন আজও মানুষকে উপলব্ধির পথে আকর্ষণ করে। রবীন্দ্রনাথ আমাদের মন-মানসিকতা গঠন ও চেতনার উন্মেষের প্রধান অবলম্বন।
আমাদের জাতীয় সংগীতের পাশাপাশি ‘বাংলাদেশ’ নামের বানানটিও আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে নিয়েছি। আমাদের যাপিত জীবনের সঙ্গে রবীন্দ্রনাথের কবিতা ও গান অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। প্রতিবছর রমনা বটমূলে তার গানে গানে পহেলা বৈশাখ উদযাপন এখন আমাদের জাতীয় জীবনের অঙ্গ। শোকে-দুঃখে, আনন্দ-উৎসবে তাকে ছাড়া আমাদের চলে না। তার রচনাবলি আমাদের প্রেরণার শিখা হয়ে পথ দেখায়।
কবিগুরুর এই প্রয়াণ দিবসে তাকে স্মরণ করতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’ আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তাদের মিলনায়তনে নিবেদন করছে গীতিনাট্য ‘শ্যামা’। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। এ ছাড়াও নানা আয়োজনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রয়াণ দিবস পালন করছে। দেশের টেলিভিশন চ্যানেল ও বেতারে সম্প্রচারিত হচ্ছে নানা অনুষ্ঠান। পাশাপাশি জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশের মাধ্যমে বিশ্বকবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে।