× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার আশঙ্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২২:২৮ পিএম

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বন্যার ধকল কাটতে না কাটতে আবারও বন্যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্র থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বুধবার এ আশঙ্কার কথা বলা হয়েছে।

এদিকে প্রতিদিনের বাংলাদেশের লালমনিরহাট প্রতিনিধি জানিয়েছেন, ভারতের উজানের বিভিন্ন প্রদেশে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ধরলা নদীর পানিও বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে। পানি বৃদ্ধি পেয়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নদীসমূহ সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তা ছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ১ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদী কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে। 

গত ২৪ ঘণ্টায় মধ্যাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুলাই নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ১ দিন বৃদ্ধি পেতে পারে। কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় উক্ত নদীসমূহ শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তা ছাড়া গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৫ দিন বৃদ্ধি পেতে পারে। পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে।

বুধবার সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ৫২ দশমিক ২৮ মিটার রেকর্ড করা হযয়েছে। সেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার হওয়ায় পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, ধরলা নদীর শিমুলবাড়ী পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৪৬ মিটার। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবা ব্যারেজের সবগুলো জলকপাট খুলে দেওয়ায় তিস্তা নদীতে পানির প্রবাহ দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব ইতোমধ্যে বাংলাদেশের লালমনিরহাট অংশে পড়তে শুরু করেছে।

পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান, সিন্ধুর্না, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, তুষভাণ্ডার ও কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা এবং সদর উপজেলার মোগলহাট, খুলিয়াগাছ, কুলাঘাট ও রাজপুর ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ কারণে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় উজানের পানি ভাটির দিকে নেমে গেলে নদীর পানি স্বাভাবিক পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পfরে।

এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা