প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২১:৪৮ পিএম
আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিএফইউজে ও ডিইউজের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিজয় র্যালি বের হয়। ছবি: ফোকাস বাংলা
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বুধবার আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি জানান।
এর আগে বিএফইউজে ও ডিইউজের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিজয় র্যালি বের হয় এবং পুনরায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি ও সমাবেশে সাংবাদিক নেতা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন। র্যালি শেষে সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম।
কাদের গনি চৌধুরী বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে। এই আন্দোলনে অসংখ্য ছাত্র, শিশু ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অন্যদিকে ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, আন্দোলন চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা এবং প্রায় ৩০ হাজার মানুষকে পঙ্গু করে দেওয়া হয়। নিহতদের মধ্যে ছয়জন সাংবাদিক ছিলেন এবং আন্দোলনের সময় সারাদেশে প্রায় দেড় হাজার সাংবাদিক আহত হন।
র্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ও সাংগঠনিক সম্পাদক সাঈদ খান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, বিএফইউজের সহ-সভাপতি খাইরুল বাশার, প্রচার সম্পাদক সাজান সাজু, দপ্তর সম্পাদক আবু বকর, ডিইউজের নির্বাহী সদস্য তালুকদার রুমি, ফখরুল ইসলাম, রাজু আহমেদ ও এইচ এম আলামিন, জাতীয় প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহনাজ বেগম পলি ও সাংবাদিক নেত্রী মাসুদা আক্তার।