× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাগারে মৃত্যুর ৪৮% বিনা চিকিৎসায়

তানভীর হাসান

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৫:০৩ পিএম

ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

গত ৯ জুলাই বৃহস্পতিবারের কথা। হঠাৎ করেই রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লেন মো. মিন্টু ভূঁইয়া নামের এক হাজতি। দ্রুত তাকে চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কয়েক দিন চিকিৎসা চলল তার। কিন্তু শেষ পর্যন্ত গত ১৫ জুলাই বুধবার দুপুরে হাসপাতালেই মৃত্যু ঘটে তার।

এর আগে গত ২ জুলাইও এই কেন্দ্রীয় কারাগারে মৃত্যু ঘটেছিল হাজতি সজিবের। অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে। পরে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

একইভাবে ৯ জুন মারা যান মো. আরিফ মিয়া নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির। নিহত আরিফের বাড়ি নরসিংদীর পলাশ থানার কালিমপুর গ্রামে। তিনি পলাশ থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

লক্ষণীয়, তিনটি ঘটনাই ঘটেছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে; যেটি এশিয়ারও অন্যতম বৃহৎ কারাগার হিসেবে পরিচিত। অথচ এমন একটি বৃহৎ কারাগারে হাসপাতাল থাকলেও নেই স্থায়ী চিকিৎসক ও বিশেষায়িত সেবার ব্যবস্থা।

এ কারণে অনেক কারাবন্দিই তাৎক্ষণিক চিকিৎসা পান না, অসুস্থ হয়ে পড়লেও দ্রুত উপযুক্ত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুর এটি একটি অন্যতম কারণ বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞ ও চিকিৎসা সংশ্লিষ্টরা।

শুধু এই তিনটি ঘটনা নয়, কারা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২০ মাসে সারা দেশে ৪১১ জন আসামির মৃত্যু হয়েছে কারা হেফাজতে। এর মধ্যে ১৯৫ জনই মারা গেছেন হাসপাতালে নিয়ে আসার পথে ও সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পর।

অপরাধ বিশেষজ্ঞদের মতে, হাসপাতালে আসার পথে মৃত্যুকে বিনা চিকিৎসায় মৃত্যু বলা যায়। অর্থাৎ গত ২০ মাসে ৪৭ শতাংশ মৃত্যুই হয়েছে বিনা চিকিৎসায়।

তবে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল ফরহাদের ভাষ্যমতে, এটিকে বিনা চিকিৎসায় মৃত্যু বলা উচিত হবে না।

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, “বর্তমান কারা অধিদপ্তরের অধীনে রয়েছেন মাত্র দুজন চিকিৎসক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী তারা প্রেষণে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসেছেন। এই দুই চিকিৎসকের একজন আছেন মানিকগঞ্জে, অপরজন রয়েছেন রাজশাহী কারাগারে”।

তিনি বলেন, “ঢাকা কেন্দ্রীয় ও কাশিমপুর কারাগারে কোনো স্থায়ী চিকিৎসক নেই। সারা দেশে সিভিল সার্জন কার্যালয় থেকে কারাগারে নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে থাকেন আরও ৯৭ জন। তবে আবাসিক কোনো চিকিৎসক এখনও নেই। এ কারণে কোনো রোগীর অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিকভাবে কাছাকাছি সরকারি হাসপাতালে পাঠানো হয়। এক্ষেত্রে অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে অন্য উপায়ে পাঠানো হয়। একে বিনা চিকিৎসায় মৃত্যু বলা ঠিক হবে না”।

তবে কারাগারগুলোয় সঠিক লোকবল ও লজিস্টিক সাপোর্ট পাওয়া গেলে পথের মধ্যে মৃত্যুর হার কমানো সম্ভব হবে বলে মনে করছে কারা অধিদপ্তর।

সহকারী কারা মহাপরিদর্শক বলেন, “বর্তমান কারাগারে ৯৩ হাজার বন্দি আছেন। অথচ ধারণক্ষমতা মাত্র ৪৫ হাজার। দেশের ৭৪টি কারাগারেই হাসপাতাল আছে। চিকিৎসাও দেওয়া হয়। তবে বিশেষায়িত কোনো ব্যবস্থা নেই। এ কারণে জটিল কোনো রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হয় না”।

অনুসন্ধানে জানা গেছে, কারাগারে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান সংকটের কারণে বর্তমানে বন্দিদের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। আবার অসুস্থ কাউকে দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে পরিবহন সংকট।

বর্তমানে সারা দেশের কারা অধিদপ্তরগুলোয় ৯৪টি অ্যাম্বুলেন্সের বিপরীতে রয়েছে মাত্র ২৩টি। অনেক সময়ই অ্যাম্বুলেন্স আনতে হয় অন্য জেলা থেকে। অনেক ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ভাড়া করলেও বিল পেতে নানা বেগ পেতে হয়।

সূত্রমতে, সিভিল সার্জন থেকে আসা চিকিৎসকরা সকালে এসে দুপুরের পর অথবা বিকালে চলে যান। তাদের বাসাও কারাগার থেকে দূরে। ফলে রাতে কোনো বন্দি অসুস্থ হলে তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যায় না।

তখন আশপাশের ফার্মেসি বা বেসরকারি কোনো হাসপাতাল থেকে চিকিৎসক এসে তাৎক্ষণিক সেবা দেওয়া হয়। এরপর নিয়ম অনুযায়ী রোগীকে সরকারি হাসপাতালে পাঠানো হয়। এক্ষেত্রে অনেক রোগী সুস্থ হয়ে হাসপাতালে ফিরে আসেন আবার অনেকে মারা যান।

জানতে চাইলে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ বলেন, “বিষয়টি সত্য। চিকিৎসক না থাকায় আমরা কারাগারের আশপাশের চিকিৎসক অথবা বেসরকারি হাসপাতালের নম্বর সংগ্রহ করে রাখি। তাদের কাছ থেকে সহায়তা নেওয়া হয়”।

উল্লেখ্য, ২০২৫ সালে সারা দেশের কারাগারে অসুস্থজনিত কারণে ২৬৭ জনের মৃত্যু হয়। এর মধ্যে ১১১ জনই হাসপাতালে নেওয়ার পথে মারা যান। একইভাবে ২০২৬ সালের ২০ জুলাই পর্যন্ত ২৪৪ জন মৃত্যুর মধ্যে ৮৪ জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। যাদের বেশিরভাগই হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনি ও লিভারের জটিলতাসহ নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন। 

শুধু সঠিক সময়ে পৌঁছানো সম্ভব না হওয়ায় তাদের সুচিকিৎসা দেওয়া সম্ভব হয়নি বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন অনেক চিকিৎসক।

কারা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অ্যাম্বুলেন্স সংকটের বিষয়টি সরকারের উর্ধ্বতনদের অনেক আগেই জানানো হয়েছে। পরিস্থিতির গুরুত্বও তুলে ধরা হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় প্রকল্পের মাধ্যমে মাত্র ৪৪টি অ্যাম্বুলেন্স কেনার অনুমোদন দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “চিকিৎসক নেই, বিশেষায়িত ব্যবস্থা নেই বা অ্যাম্বুলেন্স সংকটের কারণে রোগীকে যথাসময়ে হাসপাতালে নেওয়া যায়নি- এমন সব পরিস্থিতিতে যেসব মৃত্যু ঘটছে, সেসবকে অবশ্যই বিনা চিকিৎসা বা অবহেলাজনিত মৃত্যু বলা যায়”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা