স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন না হওয়ায় প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন না হওয়ায় প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, জীবিত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা থাকলেও শহীদ মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা এখনও হয়নি। তার দাবি, বর্তমানে ৬৫৬ জন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার ভাতা পায় বলে তিনি শুনেছেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (ওআইআরডি) অনুষ্ঠানের আয়োজন করে।
শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিভিন্ন দাবি থাকলেও তার সঠিক সরকারি তালিকা এখনও প্রণয়ন করা হয়নি। তিনি বলেন, এটি সরকারের দায়িত্ব এবং স্বাধীনতার পর বিভিন্ন সরকার নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করলেও এ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেনি। শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে তাদের পরিবারের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণেও সরকারের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তার অভিযোগ, গণঅভ্যুত্থানের আগে রাজনৈতিক দলগুলোর দেওয়া অনেক অঙ্গীকার পরবর্তী সময়ে পরিবর্তিত হয়েছে এবং এ বিষয়ে ভিন্নধর্মী বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গণভোটে যে রায় এসেছে, সরকারকে তা বাস্তবায়ন করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও হামলার ঘটনায় বিচারকাজ অন্তর্বর্তী সরকারের সময় এগোলেও বর্তমান সরকারের সময়ে এর গতি কমে গেছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। একই সঙ্গে তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দৃশ্যমান অগ্রগতি নেই এবং জুলাইয়ের স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা চলছে। দেশবাসীকে সঙ্গে নিয়ে এ ধরনের উদ্যোগ প্রতিহত করার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বইটির অন্যতম লেখক ও ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, জুলাই বিপ্লবের ইতিহাস একাডেমিক ও সাংস্কৃতিক পরিসরে যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন। অন্যথায় গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখা কঠিন হবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওআইআরডির উপদেষ্টা ও বুয়েটের অধ্যাপক মো. ফখরুল ইসলাম। বক্তব্য দেন মেজর (অব.) আখতারুজ্জামান, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), শিবিরের সাবেক সভাপতি মনজুরুল ইসলাম এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।
নতুন ফ্যাসিবাদ সৃষ্টি হলে পালানোর পথ থাকবে না : রাজধানীর জাতীয় জাদুঘরে গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা হলে তার পরিণতি কঠোর হবে এবং কেউ পালানোর সুযোগ পাবে না। তিনি বলেন, দেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান রোধে বিচার ও সংস্কার নিশ্চিত করা জরুরি। তার ভাষ্য, খুনি ও জুলুমবাজদের বিচার না হলে জাতির ভেতরে আরও খুনি তৈরি হবে। একটি ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেকটি ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা সেই রূপান্তর চাই না।
জামায়াত আমির বলেন, এই পরিবর্তনের জন্য গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের হুবহু বাস্তবায়ন অনিবার্য হয়ে উঠেছে। তবে তার অভিযোগ, সরকারি দল এখনও তা বাস্তবায়নে আগ্রহী নয়।
তিনি দাবি করেন, সরকারি দল মুখে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও বাস্তবে ভিন্ন পথে চলছে। এ অবস্থায় তিনি সরকারকে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের হাতে শিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানান। তিনি বলেন, বর্তমানে একটি মহল জুলাইয়ের চেতনা মুছে ফেলার চেষ্টা করছে।