× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ আগস্টের চেতনায় ঐক্য ও সংস্কারের আহ্বান নাহিদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ০৮:৪৩ এএম

এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফাইল ছবি

এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফাইল ছবি

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি গণভোটের রায় বাস্তবায়ন, দ্রুত সংস্কার, গণতান্ত্রিক সহাবস্থান এবং সব গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বিরোধী দলীয় এই চিফ হুইপ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন এবং বাংলা বদ্বীপের মানুষের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ, গৌরব ও বিজয়ের ধারাবাহিকতার প্রতীক।

বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এ অঞ্চলের মানুষের প্রতিরোধ ও মুক্তির আকাঙ্ক্ষা নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিকশিত হয়েছে। তিতুমীরের বাঁশের কেল্লা, হাজি শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন, হাবিলদার রজব আলীর বিদ্রোহ এবং শেরে বাংলার লাহোর প্রস্তাবকে তিনি সেই ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পরও জনগণের প্রত্যাশিত ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।

তার দাবি, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় স্বাধীনতার বহু আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে গেছে। পাশাপাশি পরবর্তী সময়ে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সুশাসনের ওপর ধারাবাহিকভাবে আঘাত এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়নের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনেও বলপ্রয়োগ করা হয়।

তার ভাষ্য, সেই পরিস্থিতি থেকেই বৃহত্তর গণপ্রতিরোধের সূচনা হয় এবং শিক্ষার্থী, শ্রমিক, শিক্ষক, আলেম-ওলামা, আইনজীবী, নারী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, প্রবাসী, সৈনিক, তরুণ সেনা কর্মকর্তা ও বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্টের ঘটনাপ্রবাহ সৃষ্টি হয়।

তবে তার দাবি, ওই ঘটনার পরও প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়িত হয়নি। 

রাজনৈতিক নেতৃত্বের অসহযোগিতা ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে কাঙ্ক্ষিত সংস্কার কার্যকর হয়নি এবং বিপ্লবের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরেনি বলে মন্তব্য করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটে প্রদত্ত জনরায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে।

একই সঙ্গে সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি পরিহার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাষ্ট্রের প্রতিটি স্তরে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত এবং চব্বিশসহ সব গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি শহিদদের স্মরণ করে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থেকে ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা