× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রক্তে লেখা মহাকাব্যিক বিজয়ের দিন আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ০৭:৫০ এএম

২০২৪ সালের ৫ আগস্ট; এ কেবল পঞ্জিকার একটি দিন নয়, যেন একটি জাতির পুনর্জন্মের ক্ষণ।  গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

২০২৪ সালের ৫ আগস্ট; এ কেবল পঞ্জিকার একটি দিন নয়, যেন একটি জাতির পুনর্জন্মের ক্ষণ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আকাশে তখনও বারুদের গন্ধ। পিচঢালা কালো রাজপথ তরতাজা রক্তে ভিজে একাকার। বাতাসে কেবল একটিই ধ্বনিÑ ‘স্বৈরাচারের পতন চাই’। ২০২৪ সালের ৫ আগস্ট; এ কেবল পঞ্জিকার একটি দিন নয়, যেন একটি জাতির পুনর্জন্মের ক্ষণ। আজ থেকে দুই বছর আগে বুলেটের সামনে বুক পেতে দেওয়া বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছিল এক নতুন ইতিহাস।

শহীদ আবু সাঈদের দুহাত প্রসারিত সেই অকুতোভয় দাঁড়ানো এখনও সাহস সঞ্চারী অবিস্মরণীয় স্মৃতি এক, ‘পানি লাগবে, পানি’Ñ মুগ্ধর সেই ডাক আজও যেন প্রতিটি কানে প্রতিধ্বনিত হয়। শত শত শহীদের রক্ত আর হাজারো আহত যোদ্ধার পঙ্গুত্বের বিনিময়ে মুক্তির যে নতুন ভোর এসেছিল, সেই মুক্তির আনন্দ, সেই রক্তস্নাত মহাকাব্যিক বিজয় আজ দ্বিতীয় বর্ষে পদার্পণ করল।

জুলাইয়ের শুরুতে যে স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল কোটা সংস্কারের ন্যায্য দাবি নিয়ে, তা যে এমন দাবানলে পরিণত হবে, তা হয়তো আওয়ামী লীগ নেতৃত্বাধীন শাসকগোষ্ঠী ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। দিন যত গড়িয়েছে, শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর বর্বরোচিত হামলা, গুম, খুন ও গণগ্রেপ্তার ততই বেড়ে চলেছিল। কিন্তু বুলেটের ভয় দেখিয়ে কি মুক্তিকামী জনতাকে রুখে দেওয়া যায়? যায় না। ছাত্রদের সেই আন্দোলন তাই আর কেবল ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকেনি। আবালবৃদ্ধবনিতা, দল-মত-নির্বিশেষে আপামর জনতা নেমে আসে রাজপথে। জুলাইয়ের শেষভাগে এসে সেই আন্দোলন রূপ নেয় ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে। দাবি তখন একটাইÑ স্বৈরাচারী সরকারের পদত্যাগ।

একটি নতুন ভোর 

৫ আগস্টের সেই সকাল। কারফিউ আর বুলেটের ভয়কে জয় করে লাখো জনতা স্রোতের মতো ধেয়ে আসতে থাকে ঢাকার দিকে, গন্তব্য গণভবন। জনতার এই উত্তাল সাগরের গর্জনের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথর। প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি একসময় নিজেকে অজেয় ভাবতেন, তিনি তার বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। ক্ষমতার মসনদ থেকে স্বৈরাচারের এই পতন প্রমাণ করেÑ জনতার শক্তির কাছে কোনো স্বৈরাচারই চিরস্থায়ী নয়। প্রতীয়মান হয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। 

সেই রক্তস্নাত বিজয়ের পর আজ ৫ আগস্ট, ২০২৬। দেশ আজ দ্বিতীয়বারের মতো পালন করছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর ২৫ জুন এই দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছিল। একই সঙ্গে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আজ সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্মিত নতুন বাংলাদেশে শোক, শ্রদ্ধা ও উদযাপনের এক অপূর্ব মেলবন্ধন।

রাষ্ট্রনেতাদের বাণী ও শ্রদ্ধাঞ্জলি

দিবসটি উপলক্ষে আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। এক শোকবার্তায় ও বাণীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মহান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ স্মরণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিজ, তাইম, নাইমা, শিশু রিয়া গোপ ও আহাদসহ হাজারো বীর শহীদকে। পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, তাদের বিরল আত্মত্যাগ ও অসীম সাহস জাতি চিরকাল স্মরণ করবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বলেন, ‘আসুন, মহান জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তুলি।’

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ও জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তবে তিনি সতর্ক করে বলেন, ‘এই আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। বাংলাদেশে আর কখনও স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না।’ স্বাধীনতাপ্রিয় মানুষের জন্য এই দিনটিকে আনন্দের, বিজয়ের ও অধিকার আদায়ের দিন হিসেবে আখ্যায়িত করেন তিনি।

এ ছাড়াও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীকে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শোকে ও শক্তিতে একীভূত বাংলাদেশ

আজকের দিনটি শুরু হয়েছে এক বিশেষ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন বহুল প্রতীক্ষিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। বেলা ১১টায় ঢাকার বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা। এই আবেগঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সারা দেশের ৬৪ জেলার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভগুলোতে আজ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানো হচ্ছে। রাজধানীসহ দেশের সব সিটি করপোরেশনের মিনিপোলগুলোতে প্রদর্শিত হচ্ছে জুলাই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র; যা দেখে পথচারীরা আজও শিউরে উঠছেন, ফিরে যাচ্ছেন সেই বারুদমাখা দিনগুলোতে। টেলিভিশন, রেডিও ও সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ ক্রোড়পত্র ও অনুষ্ঠানমালা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

আজ দেশের সরকারি-বেসরকারি জাদুঘর ও বিনোদনকেন্দ্রগুলো বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়েছে। সরকারি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও ডে কেয়ারগুলোতে আয়োজন করা হয়েছে বিশেষ প্রীতিভোজের। ঢাকা শহরের প্রধান প্রধান সড়ক আজ জাতীয় পতাকা, ব্যানার ও রঙিন নিশানে সজ্জিত। জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে রাতের বেলায় জ্বলবে বিশেষ আলোকসজ্জা। এ ছাড়া দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রকাশ করা হয়েছে স্মারক ডাকটিকিট।

সাংস্কৃতিক ও রাজনৈতিক জাগরণ

জাতীয় কর্মসূচির বাইরেও রাজপথে আজ জনতার ঢল। ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। 

তবে তরুণ সমাজের সবচেয়ে বড় আকর্ষণ আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে। জাতীয় সংসদ ভবনের সামনে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে আজ বেলা সাড়ে ৩টায় শুরু হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক এক বিশাল উন্মুক্ত কনসার্ট। এতে প্রধান অতিথি থাকবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হুইপ নূর-ই-আলম ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। গানের সুরে সুরে আজ আবারও উচ্চারিত হবে বিপ্লবের জয়গান।

৫ আগস্ট কেবল একটি তারিখ নয়, এটি একটি চেতনার নাম। যে চেতনার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে রক্ত, ঘাম, আর মুক্তির তীব্র আকাঙ্ক্ষা। একটি বৈষম্যহীন, মুক্ত ও গণতান্ত্রিক সমাজের স্বপ্ন নিয়ে যে তরুণেরা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন, তাদের সেই আত্মদানই আজ পাথেয়। আবু সাঈদের প্রসারিত বুক কিংবা মুগ্ধর বাড়িয়ে দেওয়া পানির বোতল আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয়Ñ মুক্তি বিনামূল্যে আসে না। স্বৈরাচারের পতন ঘটিয়ে ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন বুনেছে, তা যেন কোনোভাবেই পথ না হারায়। রক্তের দামে কেনা এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এখন প্রতিটি নাগরিকের। বিপ্লব দীর্ঘজীবী হোক। বিপ্লব বেঁচে থাক!

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা