বাজারে থাকা এই ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি (পারদ) শনাক্ত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
বাজারে থাকা ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি (পারদ) শনাক্ত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব পণ্য বিক্রি, বিতরণ, মজুদ ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে বিএসটিআই।
সংস্থাটি জানিয়েছে, পরীক্ষায় শনাক্ত হওয়া এসব ক্রিমে বাংলাদেশ মান (বিডিএস ১৩৮২) অনুযায়ী অনুমোদিত মাত্রার চেয়ে বহু গুণ বেশি মার্কারি পাওয়া গেছে। নির্ধারিত মান অনুযায়ী প্রসাধনীতে সর্বোচ্চ ১ পিপিএম মার্কারি গ্রহণযোগ্য হলেও পরীক্ষিত পণ্যগুলোতে এর মাত্রা ভয়াবহ পর্যায়ে ছিল।
বিএসটিআইয়ের তথ্যমতে, বাজার থেকে সংগ্রহ করা ত্বক ফর্সাকারী বিভিন্ন ক্রিম তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় পাকিস্তান ও চীনের তৈরি ৮টি ব্র্যান্ডের ক্রিমে অতিরিক্ত মাত্রার মার্কারি শনাক্ত হয়।
পরীক্ষায় পাকিস্তানের এস.জে এন্টারপ্রাইজের চাঁদনি হোয়াইটনিং ক্রিমে ১২০.৩৯ পিপিএম, কিউসিআই কোম্পানির নিউ ফেস বিউটি ক্রিমে ৪৪.৭২ পিপিএম, লোয়া ইন্টারন্যাশনালের নাভিয়া বিউটি ক্রিমে ৫৯.৮২ পিপিএম ও নাভিয়া হোয়াইটনিং ক্রিমে ৭৯.৭০ পিপিএম মার্কারি পাওয়া গেছে।
এ ছাড়া পাকিস্তানের নুর এন্টারপ্রাইজের নুর হোয়াটেনিং ক্রিমে ৮২.৭৬ পিপিএম, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিউ বিউটি ক্রিমে ১২৩.৩৭ পিপিএম, গৌরি কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গৌরি বিউটি ক্রিমে ৫৬.৯৩ পিপিএম এবং চীনের জিএলডিজেবি (হারবিন) কসমেটিকস কোম্পানি লিমিটেডের ন্যাচারাল পার্ল স্ক্রিন ক্রিমে ৬৭.৪৯ পিপিএম মার্কারি শনাক্ত হয়েছে।
বিএসটিআই আরও জানিয়েছে, এসব পণ্য বৈধভাবে আমদানি করা হয়নি। লাগেজ বা বিভিন্ন চোরাই পথে এসব ক্রিম দেশে প্রবেশ করে বাজারে বিক্রি হচ্ছে। ফলে প্রতিষ্ঠানটি নিয়মিত নজরদারির অংশ হিসেবে বাজার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে।
বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। ক্ষতিকর উপাদানযুক্ত প্রসাধনী উৎপাদন, আমদানি বা বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।
তিনি বলেন, “বাজার নিরাপদ রাখতে বিএসটিআই নিয়মিত নমুনা সংগ্রহ, পরীক্ষাগারে বিশ্লেষণ, বাজার তদারকি, মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রম জোরদার করেছে”।
বিএসটিআই অজ্ঞাত বা অনুমোদনবিহীন ত্বক ফর্সাকারী ক্রিম কেনা ও ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি প্রসাধনী কেনার আগে পণ্যের বৈধতা ও বিএসটিআইয়ের অনুমোদন যাচাই করার আহ্বান জানানো হয়েছে।