প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৫:৩৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ১৫:৪৭ পিএম
ডা. জাহেদ উর রহমান। ছবি: ভিডিও থেকে
কোনো গণমাধ্যম যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে সে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য নিয়ে খবর প্রচার না করার ব্যাপারে গণমাধ্যমকে সতর্ক করেছেন তিনি।
সচিবালয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “আগেও এ বিষয়ে সরকার গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল। যদি কেউ আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে”।
এর আগেও যারা শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, বাংলাদেশ সরকার তাদের সতর্ক করেছে উল্লেখ করে ডা. জাহেদ বলেন, “আমরা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেব, কেউ যেন এ ধরনের কাজ না করেন। আদালতের নির্দেশনা মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা”।
ব্যক্তিগত মতামত তুলে ধরে তিনি বলেন, “আদালতের আদেশ না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ঠিক হতো না। কেউ যদি আদালতের ওই আদেশের সঙ্গে একমত না হন, তাহলে তিনি আদালতেই গিয়ে সেই রায় চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আদালতের আদেশ বহাল থাকবে, ততক্ষণ সেটি সবাইকে মেনে চলতে হবে”।
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার তো তাকে ফিরিয়ে আনতেই চায়। এজন্য ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে একই বার্তা দেওয়া হয়েছে”।