প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৪:৩০ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ১৫:৫৭ পিএম
শেখ হাসিনা। ছবি: রয়টার্স
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে বলেছে বাংলাদেশ। ঢাকা সতর্ক করে বলেছে, একজন পলাতক আসামিকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিলে তা উন্নয়নশীল দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।
রয়টার্সের এক প্রতিবেদনে মঙ্গলবার বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকলেও সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “আমরা ভারতের সঙ্গে ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি। আমরা চাই না সেই অগ্রগতি ব্যাহত হোক। এ বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার হওয়া প্রয়োজন।”
শামা ওবায়েদ ইসলাম বলেন, ভারত থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অন্য নেতাদের রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়ে বাংলাদেশ একাধিকবার উদ্বেগের কথা ভারতকে জানিয়েছে।
তিনি আরও বলেন, “পলাতক ও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যের কারণে ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক, আমরা তা চাই না। ভারত এর আগে ইঙ্গিত দিয়েছিল যে তাদের ভূখণ্ড থেকে পলাতক ব্যক্তিদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর বিষয়টি তারা প্রত্যাশা করে না।”
অনুষ্ঠানটি ভারত সরকার আয়োজন করছে না বলে জোর দিয়ে শামা ওবায়েদ বলেন, প্রয়োজনে ঢাকা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি উত্থাপন করবে।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হলেও, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর উভয় দেশই সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সম্পর্ক পুনর্গঠনের আগ্রহ প্রকাশ করেছে।
২০২৪ সালে কয়েক সপ্তাহের প্রাণঘাতী বিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন। এরপর থেকে বাংলাদেশ তার প্রত্যর্পণ চেয়ে আসছে। দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিল। তবে শেখ হাসিনা এ রায়কে আইনগতভাবে অকার্যকর বলে প্রত্যাখ্যান করেছেন।
সূত্র: রয়টার্স