× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক দফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ০৯:০৯ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই-আগস্ট। ২০২৪ সালের ৪ আগস্ট প্রতীকীভাবে ‘৩৫ জুলাই’ হিসেবে পরিচিত। কোটা সংস্কার ও সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মনস্তাত্ত্বিক প্রতিবাদের অংশ হিসেবে দিনটিকে এই নামে ডাকা হয়। এদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে সারা দেশের রাজপথ উত্তাল হয়ে ওঠে। সরকারের পদত্যাগের এক দফা দাবি তখন চূড়ান্ত পর্যায়ে রূপ লাভ করে এবং দেশজুড়ে তীব্র গণআন্দোলন গড়ে ওঠে।

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল (নিয়মিত আপিল) দায়েরের নির্দেশ দিয়ে মামলার শুনানি মুলতবি করেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। শুনানিকালে আদালত রাষ্ট্রপক্ষকে উদ্দেশ করে বলেন, ‘আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে, সেভাবেই থাকুক। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে নিয়মিত আপিল করুন, তখন আমরা শুনব।’ রিট আবেদনকারী পক্ষের আইনজীবীর সময় আবেদনের পর আদালত ‘নট টুডে’ বলে শুনানি মুলতবি করেন। পরে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন জানান, আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে।

আদালতের এ অবস্থানের পরও আন্দোলন থেকে সরে আসেননি শিক্ষার্থীরা। গুমোট আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টির মধ্যেই টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়েও অবরোধ কর্মসূচি পালন করেন।

শাহবাগে সমাবেশে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এক ঘণ্টার জন্য আসিনি; দাবি আদায় করেই ঘরে ফিরব। শিক্ষার্থীরা জেগে উঠেছে, দুর্বার আন্দোলনের মাধ্যমে দাবি মানতে বাধ্য করা হবে।’ তিনি জানান, ১ জুলাই থেকে শুরু হওয়া ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ও অবস্থান কর্মসূচি সারা দেশে অব্যাহত থাকবে।

সন্ধ্যা ৬টার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল শুক্রবার অনলাইন-অফলাইনে বৈঠক, শনিবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি এবং রবিবার সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন ও অবস্থান ধর্মঘট।

এর আগে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমবেত হয়ে দুপুর ১২টায় শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দেন। একই দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি অংশ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করলে উভয় সড়কেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা