প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২২:২৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ২২:২৬ পিএম
ঢাকা-দিল্লি সম্পর্কে ফের অস্বস্তি, বিতর্কের কেন্দ্রে হাসিনা। ছবি: এআই
মাত্র পাঁচ দিন আগে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে অস্বস্তি কাটিয়ে এই সম্পর্ক আবার শুরু করার বিষয়ে ঐকমত্য হওয়ার কথা জানিয়ে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ঢাকায় ভারতের হাইকমিশনারের দায়িত্ব নিয়ে আসা দীনেশ ত্রিবেদির সঙ্গে গত বুধবার বিকালে বৈঠকের পর এ কথা বলেছিলেন তিনি। কিন্তু সপ্তাহ না পেরোতেই দুদেশের সম্পর্কে উল্টো সুর বাজতে শুরু করেছে। আর এর নেপথ্যে সেই ফ্যাসিস্ট হাসিনা-২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে যিনি পালিয়ে গেছেন ভারতে। ৫ আগস্ট মসনদ হারানোর দুই বছর পূর্তির দিন প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হতে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে। আর এতেই ঢাকা-দিল্লি সম্পর্কে ফের অস্বস্তি দানা বেঁধেছে।
এই প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে যাতে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে বা কর্মকাণ্ড না চালাতে পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদি উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ সহযোগিতা চান তিনি।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হওয়া এ সৌজন্য সাক্ষাতের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক শেখ হাসিনা ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ খবর আলোচনায় উঠে আসে।
এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনারকে বলেন, পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।
পররাষ্ট্র উপদেষ্টাকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস প্রদান করেন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দণ্ডিত পলাতক আসামি হয়েও কী করে দিল্লিতে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে চাইছেন, সে বিষয়ে ভারত সরকারকে অবস্থান ‘স্পষ্ট’ করতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ঘিরে এমন আয়োজন, দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক করার চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির দুই বছর পূর্তির দিনে দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে বাংলাদেশ সরকার আপত্তি জানাবে কি না-এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, “আমরা আপত্তি কার কাছে জানাব? উনি একটা নিষিদ্ধ সংগঠনের প্রধান, নিজেও অনেক ধরনের ক্রাইমে সাজাপ্রাপ্ত আসামি। উনি কোথায় কী বলছেন না বলছেন, বাংলাদেশ সরকারের সেই সময় নেই, সেটার জবাব দেওয়ার। কিন্তু আমরা যেটা ফলো করছি যে, ভারত সরকারও সম্প্রতি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে, তারা আশা করে না যে ওখানকার পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে বা রাজনৈতিক বক্তব্য দেবে।
“সেটা ভারত সরকার সমর্থন করে না। তারা (আওয়ামী লীগ) অনলাইন মিটিং করবে বা যেটাই করবে, সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না, সেটা ভারত সরকারকেই স্পষ্ট করতে হবে।”
শেখ হাসিনার বক্তৃতার আয়োজন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সামনের দিকে এগিয়ে নেওয়ার উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করবে কি না-এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “করতে পারে, কিন্তু সেটা তো আমরা চাচ্ছি না। আমি মনে করি, বাংলাদেশের মানুষও চায় না। বাংলাদেশও চায় না যে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও নেতিবাচক হোক। আমরা চাই, আরও উন্নত হোক এবং উন্নতির দিকেই যাচ্ছে। সুতরাং সেটা মাথায় রেখেই ভারত বাংলাদেশের সঙ্গে তাদের কার্যক্রম চালাবে।”
৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার ওই অনুষ্ঠান ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে সম্প্রতি ভারতের সংসদীয় কমিটির একটি প্রতিবেদনের বিষয়ও সামনে আসছে। যেখানে দুই দেশের সম্পর্ক এগোনোর স্বার্থে আওয়ামী লীগ সভাপতিকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাইরে রাখার বিষয় উঠে আসার কথা বলা হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।
ওই প্রতিবেদন নিয়ে এক খবরে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ভারতের ভূখণ্ড থেকে অন্য দেশকে লক্ষ্য করে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না দেওয়ার কঠোর নীতিতে অবিচল থাকার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে সরকারের যে অবস্থান, তা তুলেছে ধরেছে সংসদীয় কমিটি।
ভারত সরকার কমিটিকে বলেছে, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর রাজনৈতিক প্লাটফর্ম বা কোনো সুযোগ তারা শেখ হাসিনাকে দিচ্ছে না।
দেশটির সংসদীয় কমিটির প্রতিবেদন থেকে এমন বক্তব্য এলেও দিল্লিতে শেখ হাসিনার বক্তৃতার আয়োজক এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ওয়ায়েল আউয়াদ বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করেছেন, ওই আয়োজনের বিষয়ে ভারত সরকারের কোনো আপত্তি নেই।